উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি আরও কমল

48

নিউজ ডেস্ক: উজ্জ্বলা প্রকল্পের ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সুবিধা ফের কমাল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাধীন গ্রাহকরা এখন থেকে বছরে চারটি করে সিলিন্ডার পাবেন। এত দিন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার বছরে ৯টি করে পেতেন গ্রাহকেরা। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মাল খানুজা বলেছেন, সিলিন্ডারের সংশোধিত প্রাপ্যের সংখ্যা মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের গড় বার্ষিক ব্যবহারের প্রতিফলন।
২০১৬ সালে মে মাসে দেশ জুড়ে চালু হয় কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা। সেই সময় বছরে ১২টি ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডার পেতেন দেশের গরিব পরিবারগুলি। গত বছর আগস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় উজ্জ্বলা গ্রাহকেরা বছরে ৯টি সিলিন্ডারে ভর্তুকি পাবেন। এ বার সেই সংখ্যা কমিয়ে চারটি করা হল।
দিন দুয়েক আগে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২৯ টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তার আগে বেড়েছে ৬০ টাকা। তিন মাসে দ্বিতীয় বার রান্নার গ্যাসের দাম বেড়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় একজন গ্রাহককে ১৪.২ কেজি রান্নার গ্যাসের জন্য দিতে হয় ৬৪২ টাকা। তার পরের দিনই উজ্জ্বলা যোজনায় বার্ষিক সিলিন্ডারপ্রাপ্তির সংখ্যা কমাল কেন্দ্র। এখন বছরে মাত্র চারটি সিলিন্ডারে ভর্তুকি পাবেন গ্রাহকরা।
প্রসঙ্গত, রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়ার প্রকল্প ছিল পূর্বতন ইউপিএ সরকারের। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরও ভর্তুকি চলছিল ঘরোয়া গ্যাস সিলিন্ডারে। ক্রমশ সেটা কমতে কমতে এখন আর রান্নার গ্যাসে ভর্তুকি পান না গ্রাহকরা।