উত্তরের প্রায় সব ট্রেন বাতিল, শিয়ালদা ফাঁকা,ফরাক্কায় কাজ চলছে দ্রুততার সঙ্গে

25

পৃথা দাশগুপ্ত,কলকাতা: বিপর্যস্ত গোটা রাজ্যের রেল পরিষেবা। রেল লাইনে ধস। বিশেষত কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে যাওয়ার প্রায় সব ট্রেন বাতিল করা হয়েছে। আজ সকাল থেকেও একই ছবি।

প্রবল বৃষ্টির জেরে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের নীচে থাকা মাটি বসে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছে। ফলে একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে। সমস্যায় যাত্রীরা। অনেক ট্রেন এর রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

নিউ ফরাক্কা স্টেশনের কাছে অনেক মাটি ধসে গিয়েছে। ফলে, সেই জায়গা মেরামত করতে সময় লাগছে। মাটি ও পাথর ফেলে জায়গাটি ঠিক করার চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। আরও ৬-৭ ঘণ্টা লাগবে লাইন মেরামত করতে।

আজ থেকে তিনদিনের সরকারি ছুটি।‌ ফলে অনেকেই এই তিন দিনের লম্বা ছুটিকে কাজে লাগাবেন বলে ঠিক করেছেন। সরকারি আধিকারিকরা বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় মাথায় হাত তাদের।

দূরপাল্লার বাসগুলির কাউন্টারে পড়েছে লম্বা লাইন। বাস সংস্থাগুলি ইচ্ছামতো ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বাতিল ট্রেনের তালিকা

৬৩৪০১ — সাহেবগঞ্জ–মালদহ প্যাসেঞ্জার
৬৩৪০২ — মালদহ–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার
১৩১৭৩ — শিয়ালদহ–আগরতলা এক্সপ্রেস
১৩৪৩১ — নাদিয়া–বালুরঘাট এক্সপ্রেস
২২৩০১ — হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ১৩০৬৩ — হাওড়া–বালুরঘাট এক্সপ্রেস
১৩০৫৩ — হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেস
২২৩০২ — নিউ জলপাইগুড়ি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
১৩৪৬৬ — মালদহ–হাওড়া
১৩৪৬৫ — হাওড়া–মালদহ
১২০৪১ — হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ১২০৪২ — নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস
১৩১৬১ — কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস
১৩০১১ — হাওড়া–মালদহ
১৩১৪১ — শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস

ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত/পরিবর্তন

১৩০১১ হাওড়া–মালদহ এক্সপ্রেসকে রামপুরহাটে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে

১৩৪১৭ দিঘা–মালদহ এক্সপ্রেসকে রামপুরহাটে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে

১৩৪১০ ও ১৩৪১৬ নম্বর ট্রেনের যাত্রা সাহেবগঞ্জে সংক্ষিপ্ত করা হয়েছে

১৩০১২ নম্বর ট্রেন রামপুরহাট থেকে যাত্রা শুরু করবে

১৩৪০৯ নম্বর ট্রেন সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে