‘কাব্য সম্রাট’ উপাধি পেলেন অসমের কবি নীহার রঞ্জন দেবনাথ

51

নিউজ ডেস্ক: অসমের শ্রীভূমি জেলার পাথারকান্দির কবি নীহার রঞ্জন দেবনাথকে ‘বঙ্গভূমি কাব্য সম্রাট’ উপাধিতে সম্মানিত করল কলকাতার ‘বঙ্গভূমি সাহিত্য পত্রিকা’ গোষ্ঠী। গত ৩০ অগাস্ট কলকাতার বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, ওড়িশা, ঝাড়খণ্ড, মেঘালয়-সহ নেপাল ও ভুটান থেকে প্রায় ৫ শতাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেন। দীর্ঘদিন ধরে কবি, সাহিত্যিক ও সাংবাদিক হিসেবে কাজ করে আসছেন নীহার রঞ্জন দেবনাথ। এর আগে ‘কবি মহারাজ’, ‘নাথ শাস্ত্রী’, ‘মহারাজা ধিরাজ’, ‘সাম্যের দেবদূত’সহ একাধিক উপাধি পেয়েছেন তিনি। অসম সরকারের থেকেও লেখক পুরস্কার ও সংবর্ধনা পেয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও স্বর্ণপদকও পেয়েছেন তিনি। সমাজসেবা ও মানবতাবাদী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত নীহার রঞ্জন দেবনাথ। তিনি বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। নতুন করে ‘কাব্য সম্রাট’ উপাধি পাওয়ায় দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এদিকে বঙ্গভূমি সাহিত্য পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন কবি ও সাহিত্যিক নীহার রঞ্জন দেবনাথ।