কেন্দ্রের থেকে বন্যা-প্যাকেজ দাবি গৌরব গগৈয়ের

3

নিউজ ডেস্ক: অসমের বন্যাত্রাণে কেন্দ্রীয় সরকারের থেকে বিশেষ প্যাকেজ দাবি করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে যোরহাটের সাংসদ গৌরব গগৈ দাবি করেছেন, বন্যার জল কমলেও লক্ষ লক্ষ মানুষ জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারছেন না, সমস্যা সমাধানের জন্য দরকার বিশেষ কেন্দ্রীয় প্যাকেজ।


৩০ জুলাই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন গৌরব গগৈ৩ আগস্ট সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে প্রধানমন্ত্রীর দফতর
চিঠিতে উজান অসমে অভাবনীয় বন্যার উল্লেখ করে গৌরব গগৈ লিখেছেন, বন্যায় অপূরণীয় ক্ষতি হয়েছে উজান অসমের মানুষের। ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ, পুনর্বাসন এবং জীবিকার জন্য বিশেষ কেন্দ্রীয় প্যাকেজ দেওয়া দরকার।


বন্যার জল কমলেও লক্ষ লক্ষ মানুষ জীবিকা হারিয়ে প্রকৃতার্থে অসহায় হয়ে পড়েছেন। গৌরব গগৈ উল্লেখ করেছেন, প্রায় একশো মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ। হাজার হাজার বাড়িঘর বন্যার জলে সম্পূর্ণ ভেসে গেছে, ফসলের ব্যাপক ক্ষতিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন কৃষকরা। ছোট ব্যবসায়ীদের জীবিকায় আঘাত পড়েছে, হাজার হাজার গৃহপালিত জীবজন্তু ভেসে গেছে বন্যার জলে। যার ক্ষতিকর প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের জীবনে।


চিঠিতে গৌরব গগৈ উল্লেখ করেছেন যে শুধু সাধারণ গ্রামবাসীই বন্যায় ক্ষতিগ্রস্ত নয়, এইসঙ্গে বন্যায় ক্ষতি হয়েছে স্কুল, রাস্তা, সেতু এবং নদীর পাড়ের। এর ফলে পড়াশোনা, যাতায়াত ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়েছে। কেন্দ্রীয় প্যাকেজ না হলে দ্রুত জীবনের স্বাভাবিক ছন্দ ফিরবে না বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে, লিখেছেন গৌরব।


কেন্দ্রীয় সহায়তা চেয়ে ভারত সরকারের কাছে গৌরব গগৈয়ের অনুরোধ, ত্রাণ ও পুনর্বাসনের একটি বিশেষ প্যাকেজ দিক কেন্দ্রীয় সরকার। যাতে অসম দ্রুত ত্রাণসামগ্রী বণ্টন, ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর দ্রুত সংস্কার, যোগাযোগ ব্যবস্থা স্থাপন, স্কুল নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষক, ছোট ব্যবসায়ীদের যথাযত সহায়তা করতে পারে।


অসমের বন্যায় ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ৩৭৯ কোটি টাকা দিয়েছে। যদিও আরও তিনটি রাজ্যকে দিয়েছে ৫০০ কোটি টাকা করে।