আপাতত কালীপুজোতে জেলেই কাটবে সুমিত রায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের জামিনের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট

20

পৃথা দাশগুপ্ত, কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিনের আবেদনে নাকচ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চ খোলা। পুজোর ছুটির পর কলকাতা হাইকোর্ট খুললে এই মামলার শুনানি হবে, নির্দেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চের।

আজ সুমিত রায়ের তরফে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে সওয়াল করে আইনজীবী কিশোর দত্ত। অভিযোগ, প্রায় ৫ বছরেরে পুরনো মামলায় সুমিত রায়কে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের সওয়াল করেন, বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্ত। মামলার অনেক তদন্ত বাকি। অভিযুক্ত জামিন পেয়ে গেলে তদন্তপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে ।

উভয়পক্ষের স‌ওয়াল জবাব শোনার পর বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানান, পুজোর ছুটির পর আদালত খুললে নিয়মিত বেঞ্চে মামলার শুনানি হবে।‌

শালবনিতে জমি দুর্নীতি অভিযোগে সুমিত রায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে যান সুমিত রায়। আপাতত আলোর উৎসবে জেলেই থাকতে হবে সুমিত রায়।