৭ রাজ্যের বাদ পড়া ভোটারদের বিশেষ সুযোগ, নতুন বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

12

নিউজ ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকায় নাম না-থাকা ভোটারদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ভুয়ো ভোটারদের শনাক্ত করে নাম বাদ দিয়ে খসড়া তালিকা প্রকাশ হয়। দেশজুড়ে প্রবল বিরোধের পর এখন নির্বাচন কমিশন জানিয়েছে যে খসড়া তালিকায় বাদ পড়া ভোটাররা চূড়ান্ত তালিকায় নাম তোলার সুযোগ পাবে। এটা প্রযোজ্য শুধু দেশের সাত রাজ্যের জন্য।


দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশে, ঝাড়খণ্ড, তেলঙ্গানা এবং নাগাল্যান্ডে এসআইআর প্রক্রিয়া চলছে। এই সাত রাজ্যেই কমিশনের নতুন নির্দেশিকা প্রযুক্ত হবে। এসব রাজ্যে যেন কোনও যোগ্য ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ না পড়ে, তার জন্য নতুন বিজ্ঞপ্তি কমিশনের।


আগে ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়েছে এরকম ভোটার বহু। এতদিন কমিশন বলেছিল, ফর্ম ৬ পূরণ করে ওই ভোটারেরা আবার ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। তবে নাম বাদ পড়াদের অনেকের আশঙ্কা, এখন ভোটার তালিকায় নাম তুলতে চেয়ে ফর্ম ৬ জমা দিতে গেলে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে। কারণ, নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম ৬ জমা দিতে হয়। যাঁর নাম আগে থেকেই ভোটার তালিকায় ছিল, তিনি কী ভাবে নতুন ভোটার হিসেবে আবেদন করবেন, তা নিয়ে উদ্বেগ দানা বাঁধে অনেকের মনে। কেননা পুরনো ভোটার ফর্ম ৬ পূরণ করে নিজেকে নতুন ভোটার বলে দাবি করার অর্থ তিনি ‘মিথ্যা ঘোষণা’ করছেন! কমিশনের এমন দ্বিমুখী অবস্থান নিয়ে সরব হন বিরোধীরাও।


এবার নির্বাচন কমিশন জানিয়েছে, ফর্ম ৬ পূরণ করতে হবে গণনাপত্র বা এনুমারেশন ফর্ম পূরণ করলেই চলবে। নাগাল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং হরিয়ানায় চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩০ নভেম্বর। আর দিল্লিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২২ ডিসেম্বর।