ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

29

নিউজ ডেস্ক: ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা। তবে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হলে শুল্কের হার ১৭ শতাংশ হতে পারে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের যে প্রস্তাব দিয়েছে, তা তারা খতিয়ে দেখছে। ভারত প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করে— ওয়াশিংটনের এই দাবিও নয়াদিল্লি প্রত্যাখ্যান করেছে। আমেরিকার নতুন শুল্ক প্রস্তাবের পরই এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, কোনও খাতেই দেশের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই।
বাণিজ্য ও শিল্প মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সহ ১৪টি অর্থনীতির উৎপাদন ক্ষেত্রে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্তৃক ‘সেকশন ৩০১’ তদন্তের আওতায় যে ‘নোটিশ অব ডিটারমিনেশন’ (সিদ্ধান্তের বিজ্ঞপ্তি) ও মতামত চাওয়ার অনুরোধ জারি করা হয়েছে, তা ভারত সরকার লক্ষ্য করেছে।
মন্ত্রক আরও বলেছে, ভারতের কোনও খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করে, তাদের বাজারে প্রবেশাধিকার কঠিন করে রেখেছে এবং শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা প্রদান করে না, যার ফলে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর অধীনে পরিচালিত তদন্তের পরিপ্রেক্ষিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ গত মার্চ মাসে ১৬টি অর্থনৈতিক অঞ্চলের ওপর এই তদন্ত শুরু করেছিল।
শুধু ভারতই নয়, চিন সহ আরও কয়েকটি দেশের ক্ষেত্রে ২০ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে; তবে যেসব দেশের সঙ্গে ওয়াশিংটনের আগে থেকেই চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে এই হার কিছুটা কম হবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং সুইজারল্যান্ডের জন্য ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে আমেরিকা। অন্যদিকে, ভিয়েতনামের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর তাদের ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
এই শুল্ক প্রস্তাবটি এমন এক সময়ে এল, যখন মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা ব্যাপকভিত্তিক বাণিজ্য শুল্কগুলোকে বাতিল করে দিয়েছে।
এবিষয়ে বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ভারতের অবস্থান হল, বাণিজ্য সংক্রান্ত যে কোনও বিষয় এই আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) তাদের প্রস্তাবের ওপর ২৫ জানুয়ারি গণশুনানির আয়োজন করেছে এবং আগ্রহীদের ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত পাঠাতে বলেছেন। ততদিন পর্যন্ত এই প্রস্তাবটি আলোচনার জন্য উন্মুক্ত থাকবে।