নিউজ ডেস্ক: সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর লক্ষ্যে অবিচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধান দিবসে এক প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন, মহিলাদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি না দিলে আমাদের সংবিধানের যাত্রা অসম্পূর্ণ থাকবে। বছরের শুরুর দিকে যা হয়েছে তাতে আমাদের হৃদয় লজ্জায় ভরে গিয়েছে।
প্রসঙ্গত, গত এপ্রিলে মহিলা সংরক্ষণ বিলের আড়ালে আসন পুনর্বিন্যাস বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। বিরোধীদের সম্মিলিত প্রতিবাদে বিলের জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে ব্যর্থ হয় সরকার। যদিও প্রধানমন্ত্রীর লেখার মধ্যে কোথাও আসন পুনর্বিন্যাসের কথা উল্লেখ করা হয়নি। আরও উল্লেখ্য, নতুন সংসদ ভবনে সংসদের অধিবেশন শুরুর সময়ই মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল। সেই বিলটিই নতুন মোড়কে অর্থাৎ আসন পুনর্বিন্যাস বিলের আড়ালে গত এপ্রিলে পেশ করেছিল সরকার। এবং বাদল অধিবেশনের একশো দিন পেরিয়ে যাওয়ার পরও সেই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা মুসলমানদের জন্য কোটা প্রবর্তনের উদ্দেশ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষিত আসন বা কোটা কমিয়ে ফেলার চেষ্টা করছে। ‘সংবিধান দিবস’ বিষয়ক একটি নিবন্ধে তিনি এই সম্ভাব্য পদক্ষেপকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, বিরোধী দল এমন একটি এজেন্ডা এগিয়ে নিয়ে যাচ্ছে, যা সংবিধান প্রণেতারা আগেই প্রত্যাখ্যান করেছিলেন।
যদিও তিনি কোনও নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি, তবে তাঁর এই মন্তব্যের ইঙ্গিত যে কংগ্রেসের দিকেই, তা স্পষ্ট।
তিনি লিখেছেন, এটি অত্যন্ত উদ্বেগজনক যে বিরোধীদের বৃহত্তম দলটি ওবিসি কোটা কমিয়ে সেখানে মুসলমানদের জন্য কোটা চালু করতে চায়— এমন একটি বিষয়, যার ঘোর বিরোধী ছিলেন আমাদের সংবিধান প্রণেতারা, বিশেষ করে ড. বাবাসাহেব আম্বেদকর।
চলতি বছরের শুরুর দিকে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হতে না পারার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন যে, বিরোধী দলই এটি আটকে দিয়েছিল এবং তারা সাংবিধানিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে।
তিনি লিখেছেন, আমি ভারতের নারীশক্তিকে আশ্বস্ত করছি যে, তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার পথে কোনও শক্তিই আমাদের বাধা দিতে পারবে না।
এপ্রিল মাসে, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬— যা আসন পুনর্বিন্যাস বা ‘ডিলিমিটেশন’-এর সঙ্গে যুক্ত ছিল— লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়।
বিরোধী দলের নেতারা এই কোটা ব্যবস্থাকে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করার বিরোধিতা করেছিলেন। কংগ্রেস সাংসদ শশী থারুর এই পদক্ষেপকে রাজনৈতিক ক্ষমতার স্থানান্তর এবং রাজনৈতিক বিমুদ্রাকরণ বলে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সংসদ ‘প্রথম সাংবিধানিক সংশোধনী’ পাস করেছিল, যার উদ্দেশ্য ছিল মৌলিক স্বাধীনতাকে সীমাবদ্ধ করা এবং জনগণের বিরোধিতা দমন করা।
প্রধানমন্ত্রী মোদী নির্বাচিত রাজ্য সরকারগুলোকে বরখাস্ত করার জন্য ৩৫৬ নম্বর অনুচ্ছেদের বারবার অপব্যবহারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটি দল এটি প্রায় একশোবার প্রয়োগ করেছিল এবং একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তো এই ক্ষেত্রে অর্ধশতক পূর্ণ করেছিলেন।
এবছর মাওবাদীদের বিলুপ্তিকে মোদী বিশেষভাবে আনন্দদায়ক বলে অভিহিত করেন এবং বলেন যে, জনজাতি সম্প্রদায় এখন কোনও ভয় ছাড়াই তাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছেন। তবে তিনি মানসিক মাওবাদীদের (দিমাগি নকশাল) বিষয়ে সতর্ক করে লিখেছেন, যারা বর্তমান বাস্তবতার থেকে অনেক দূরে থেকেও ভারতের উন্নয়নের গতিপথকে বাধাগ্রস্ত করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।