মণিপুরে বিষমদে মৃত ২০, গ্রেফতার ৯

36

নিউজ ডেস্ক: মণিপুরে বিষামদে মৃতের সংখ্যা বেড়ে ২০-তে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে কাকচিং জেলার ৩৫ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম মায়াংলামবাম বিক্রম; তিনি কাকচিং মাখা লেইকাইয়ের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পেটে ব্যথা, মাথা ঘোরা ও বমি বমি ভাব নিয়ে বিক্রমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসব উপসর্গ অন্যান্য ভুক্তভোগীর মধ্যেও দেখা গিয়েছিল।
পরিবারের সদস্যরা জানান, রবিবার তিনি স্থানীয়ভাবে তৈরি মদ পান করেছিলেন এবং পরদিন থেকেই তাঁর শারীরিক জটিলতা শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বিষমদে মোট মৃতের সংখ্যা বেড়ে ২০ হল। এর মধ্যে চান্দেল জেলার ১৭ জন এবং কাকচিং জেলার ৩ জন রয়েছেন।
এই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মহিলা সহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
মণিপুর সরকারের মুখপাত্র সাপাম রঞ্জন জানিয়েছেন যে, এই ঘটনার প্রেক্ষিতে ৮১৩ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ১ হাজার ২৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও জানান, সন্দেহজনক মদের নমুনা পরীক্ষার জন্য কলকাতার ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে (এনএফএল) পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কিছু নমুনা ইম্ফলের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
এদিকে, চান্দেল ঘটনার পর বিভিন্ন জেলায় অবৈধ মদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। মণিপুরের আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, ৫ হাজার লিটারেরও বেশি অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
১০ নভেম্বর প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে। চান্দেল জেলার আনাল খুলেন গ্রামের ৪১ বছর বয়সি লুসি হুলাং শারীরিক জটিলতা নিয়ে চাকপিকারংয়ের কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি হওয়ার পর সেখানে মারা যান।