মূল্যবৃদ্ধি নিয়ে সোমবারও উত্তপ্ত অসম বিধানসভা

13

স্টাফ রিপোর্টার, গুয়াহটি: ইউসিসি ইস্যুর মধ্যেও বিধানসভায় জায়গা করে নিল মূল্যবৃদ্ধি। অধিবেশনের তৃতীয় দিন সোমবার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীরা সরব হয়ে উঠলে আত্মপক্ষ সমর্থনে মাঠে নেমে পড়ে শাসক দলও। শাসক-বিরোধী তরজায় রীতিমতো সরগরম হয়ে উঠে অসম বিধানসভা।

মূল্যবৃদ্ধির আসল কারণ কী? অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে হাহাকার আমজনতার। ইউসিসি ইস্যুর মধ্যেও মূল্যবৃদ্ধি নিয়ে সরগরম বিধানসভা। মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের তোপের মুখে শাসক দল বিজেপি। সরকারের ভুল নীতির জন্যই মূল্যবৃদ্ধি, অভিযোগ বিরোধীদের। গত ১০ দিনে এনিয়ে চতুর্থবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। পেট্রল-ডিজেলের দাম বাড়ায় সরাসরি তার প্রভাব পড়েছে বাজারে। নিত্যপ্রয়োজনীয় প্রায় সব সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে অস্বাভাবিক হারে।
সোমবার পেট্রলের দাম বাড়ল আরও ২.৬১ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল ২.৭১ টাকা। স্বাভাবিকভাবেই তাই বিধানসভায় উঠে আসে মূল্যবৃদ্ধির প্রসঙ্গটি। সোমবার বিধানসভায় প্রবেশ করার সময় হাতে ব্যানার নিয়ে আসেন অখিল। মুখে স্লোগান। মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভা চত্বরেই প্রতিবাদ তাঁর। বিধানসভায় প্রবেশ করার পর তাহলে কি থেমে থাকবেন অখিল? তা কখনও হয়? না, হয়না। আর তাই ইউসিসি ইস্যুর মধ্যেও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ নিয়ে আসেন অখিল। যদিও আত্মপক্ষ সমর্থনে মাঠে নামেন প্রাক্তন মন্ত্রী পীযূষ হাজরিকা। অখিলের প্রশ্নের জবাব দিতে গিয়ে পীযূষের দাবি, ‘ভালভাবেই দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদী। গোটা বিশ্বে গড়ে ৪০ শতাংশ তেলের দাম বেড়েছে। কিন্তু ভারতে বেড়েছে মাত্র ৫ শতাংশ।’

এদিকে, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির জন্য সরকারের হিতাধিকারী প্রকল্পগুলোকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম মজুমদার। যদিও শাসক দলের মন্ত্রী, বিধায়করা কোনওভাবেই মূল্যবৃদ্ধির জন্য নিজেদের ব্যর্থতা মেনে নিতে চাননি। শাসক দলের দাবি, ‘মধ্য-প্রাচ্যের যুদ্ধের জন্যই অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধি রোধে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে সরকার।’