দেবারতি ঘোষ, কলকাতা: মোহনবাগান ক্লাবের সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। রবিবার ক্লাব সভাপতি দেবাশিস দত্তকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার কথা জানান। তবে ক্লাবের সদস্য ও সমর্থক হিসেবে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন কুণাল।

চিঠিতে কুণাল ঘোষ লেখেন, মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের সহ সভাপতি হিসেবে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি গর্বের এবং কৃতজ্ঞতার বিষয় হিসেবে দেখছেন। ছোটবেলা থেকেই মোহনবাগানের সঙ্গে তাঁর আবেগের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। ক্লাবের নানা কঠিন পরিস্থিতিতে সমর্থকদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সংগঠনমূলক কাজে যুক্ত থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। একই সঙ্গে চিঠিতে সভাপতি দেবাশিস দত্তকে ধন্যবাদ জানিয়ে কুণাল ঘোষ উল্লেখ করেন,তাঁর প্রস্তাবেই ক্লাবে ‘স্পোর্টস লাইব্রেরি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সহ সভাপতি হিসেবে যতটা সম্ভব গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি।
তবে হঠাৎ ইস্তফার কারণ হিসেবে ‘সম্পূর্ণ ব্যক্তিগত ’ বলে চিঠিতে জানান কুণাল ঘোষ। চিঠিতে কুণাল স্পষ্ট জানিয়েছে,পদ ছাড়লেও মোহনবাগানের সদস্য ও সমর্থক হিসেবেই থাকবেন এবং ক্লাবের উন্নতি জন্য সবসময় পাশে থাকবেন। চিঠির শেষাংশে সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসুকে শুভেচ্ছা জানিয়ে কুণাল ঘোষ তাঁর ইস্তফাপত্র গ্রহণ ও অনুমোদনের আবেদন জানান। ইতিমধ্যেই এই চিঠি সামনে আসার পর মোহনবাগান মহলে শুরু হয়েছে জল্পনা। ব্যক্তিগত কারণের আড়ালে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে।