শুধু বিন্নাকান্দিতেই ২২ স্কুলে একজন করে শিক্ষক

6

নিউজ ডেস্ক: হোজাই জেলার বিন্নাকান্দি বিধানসভার ২২ স্কুল চলছে মাত্র একজন করে শিক্ষক দিয়ে। অসমের শিক্ষা ক্ষেত্রের ভয়াবহ ছবি উঠে এসেছে মন্ত্রী রণোজ পেগুর মন্তব্যে। এবিষয়ে বিধায়ক বদরউদ্দিন আজমলের প্রশ্নের জবাবে অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগু বলেন, অসমে প্রাথমিক স্কুল আছে ৩৯,৫৩১, এর মধ্যে হোজাই জেলায় রয়েছে ৮৯১ প্রাথমিক স্কুল। এ ছাড়া হোজাই জেলায় ৭৪৫ লোয়ার প্রাইমারি এবং ১৪৬ আপার প্রাইমারি স্কুল আছে। গোটা অসমে লোয়ার প্রাইমারি স্কুলের সংখ্যা ৩৩,২৩২, আপার প্রাইমারি স্কুল ৬২৯৯।
বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রে ৩২২ প্রাথমিক স্কুলের মধ্যে ২৭৬ লোয়ার প্রাইমারি এবং ৪৬ আপার প্রাইমারি স্কুল রয়েছে। এর মধ্যে বর্তমানে ২২টি স্কুল চলছে মাত্র একজন করে শিক্ষক দিয়ে, জানান মন্ত্রী রণোজ পেগু।
এইসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যেসব স্কুলে মাত্র একজন শিক্ষক তাঁকে সাধারণত স্কুলের বাইরে অন্য কোনও কাজ দেওয়া হয় না। যেমন নির্বাচনের কাজে এরকম কোনও শিক্ষককে দায়িত্ব দেওয়া হয় না। সমগ্র অসমে কত স্কুলে মাত্র একজন শিক্ষক সেই হিসেব অবশ্য শিক্ষামন্ত্রী রণোজ পেগু দেননি।
আজমলের প্রশ্নের উত্তরে রণোজ পেগু বলেন, পড়ুয়াদের সংখ্যার ভিত্তিতে শিক্ষক থাকে। যার সাধারণ অনুপাত ৩০ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক। নিম্ন প্রাথমিক স্তরে একজন শিক্ষককে বিভিন্ন শ্রেণিতে একইসঙ্গে পড়াতে হয়। তাঁর আশ্বাস, খুব দ্রুত এই সমস্যা সমাধানের লক্ষ্যে পদক্ষেপ করবে অসম সরকার।