অসমের ৮৩ হাজার হেক্টর জমি প্রতিবেশী রাজ্যগুলির দখলে

10

নিউজ ডেস্ক: অসমের ৮২,৭৫১ হেক্টর জমি প্রতিবেশী চারটি রাজ্যের দখলে। চলতি বাজেট অধিবেশনে এই তথ্য দিয়েছেন অসমের সীমান্ত রক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা। অসমের কত জমি নিয়ে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে বিবাদ চলছে, এই প্রশ্নের উত্তরে অতুল বরা জানান যে প্রায় ৮৩ হাজার হেক্টর জমি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরামের দখল রয়েছে। অসমের ১৮ জেলায় এই জমি রয়েছে।
বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অতুল বরা জানিয়েছেন, অসমের ৫৯ হাজার ৪৯০ হেক্টর জমি নাগাল্যান্ডের দখলে। অরুণাচল প্রদেশ অধিকার করে রেখেছে অসমের ১৬ হাজার ১৪৪ হেক্টর জমি। এর পরেই রয়েছে মিজোরাম, তাদের দখলে রয়েছে অসমের ৩৬৭৫ হেক্টর জমি। আর মেঘালয়ের দখলে রয়েছে অসমের ৩৪৪১ হেক্টর জমি।
যে ১৮ জেলার জমি নিয়ে বিবাদ চলছে সেগুলি হল শোণিতপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, যোরহাট, শিবসাগর, গোলাঘাট, গোয়ালপাড়া, কাছার, কামরূপ, কামরূপ মেট্রো, দক্ষিণ শালমারা-মানকাচর, পশ্চিম কার্বি আংলং, হাইলাকান্দি এবং শ্রীভূমি।
অতুল বরা বলেছেন, অসমের বৈধ জমি উদ্ধারে বেশ কয়েক দফা প্রতিবেশী রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে। ইতিমধ্যে হৃত জমি উদ্ধারে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে অসমের সঙ্গে মেঘালয়ের এবং অরুণাচল প্রদেশের সঙ্গে। এইসঙ্গে মন্ত্রী অতুল বরা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এবিষয়ে সহায়তা করছে। তাদের নির্দেশ অনুযায়ী প্রতিবেশী রাজ্যের সঙ্গে আলোচনা চলছে।