৫ বছরে বাংলাদেশে পাঠানো হয়েছে ১৯৬ জন বিদেশিকে

7

নিউজ ডেস্ক: অসমের বিভিন্ন বিদেশি ট্রাইব্যুনালে ঘোষিত ৩৬ হাজার বিদেশির মধ্যে গত ৫ বছরে বাংলাদেশে পাঠানো হয়েছে মাত্র ১৯৬ জনকে। চলতি বাজেট অধিবেশনে এই তথ্য দিয়েছেন অসমের সীমান্ত রক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা।
কংগ্রেস বিধায়ক মহিবুর রহমানের প্রশ্নের উত্তরে বিশদ তথ্য দিয়ে অতুল বরা জানান, বিদেশি চিহ্নিত হলেই সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশে কাউকে পাঠানো যায় না। বিদেশি ট্রাইব্যুনাল গত ৫ বছরে ৩৬,৩৫৮ জনকে বিদেশি বলে চিহ্নিত করেছে। এর মধ্যে ১৯৬ জনকে আইন মেনে বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়েছে। বছর পিছু হিসেব দিয়ে মন্ত্রী অতুল বরা বলেছেন, ২০২১-এ বিদেশি হিসেবে চিহ্নিত ৭১৫১ জন, ২০২২-এ ৯০২৮ জন, ২০২৩-এ ৬৮৫৯ জন, ২০২৪-এ ৬১৭৮ জন, ২০২৫-এ ৫১০৬ জন এবং চলতি ২০২৬-এ চিহ্নিত ২০৩৬ বিদেশি।
আইন অনুযায়ী কাউকে বিদেশি ঘোষণা করতে পারে একমাত্র বিদেশি ট্রাইব্যুনাল। কেউ বিদেশি ঘোষিত হলেও তার কাছে খোলা রয়েছে উচ্চ আদালতে আবেদন করে নিজেকে ভারতীয় প্রমাণের ব্যবস্থা।
অসম চুক্তি মোতাবেক ১৯৭১ সালের ২৫ মার্চের পর অন্য দেশ থেকে অসমে কেউ এলে তাকে বিদেশি বিবেচনা করা হবে।
অতুল বরা তথ্য দেওয়ার সময় অখিল গগৈ অভিযোগ করেন, বর্তমানে অসমে কত বিদেশি রয়েছে এই উত্তর সরকার দিচ্ছে না। এবিষয়ে অতুল বরা জানিয়েছেন, সরকারের কাছে এই মুহূর্তে সেই তথ্য নেই।