নিউজ ডেস্ক: মাদকের চেয়েও জালনোট ভয়াবহ সমস্যা, মনে করেন এআইইউডিএফ বিধায়ক বদরউদ্দিন আজমল। সম্প্রতি গুয়াহাটিতে প্রচুর জালনোট ধরা পড়েছে। সেবিষয়ে বদরউদ্দিন আজমলের মন্তব্য, জালনোট উদ্ধারে সরকার ১০০ শতাংশ ব্যর্থ। তাঁর মতে, জালনোট এবং মাদক পাচারকারীদের এনকাউন্টার করে মেরে ফেলা দরকার।
আজমল বলেছেন, জালনোট কোথা থেকে আসছে? এর পিছনে কারা রয়েছে? কারা জালনোট ব্যবহার করছে? সরকার কিছুই জানে না। এবিষয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ। জালনোট ও মাদক পাচারে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা দরকার। পুলিশের উচিত এনকাউন্টার করা। অপরাধ দমনে পুলিশকে কড়া হতেই হবে।
এবিষয়ে অসমের মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি বলেছেন, জালনোটের সমস্যা শুধু অসমের নয়, অন্য রাজ্যেও এই সমস্যা আছে। জালনোটের পিছনে কারা রয়েছে তার সামান্য ইঙ্গিত পেলেই পুলিশ যথাযথ পদক্ষেপ করবে।
যদিও বিজেপি বিধায়ক মানব ডেকার দাবি, জালনোট ছাপা হচ্চে বঙ্গালমোরায়। যা তাঁর বিধানসভার কেন্দ্রের মধ্যেই অবস্থিত। মানব ডেকা বলেছেন, আমার জেলায় বঙ্গালমোরা নামে একটা জায়গা আছে। সেখানেই জালনোট তৈরি হচ্ছে। দুদিন আগেই পুলিশ সেখান থেকে নয়জনকে গ্রেফতার করেছে।