ফলতায় পুনর্নির্বাচনের আজ ফল ঘোষণা

46

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ফলতায় পুনর্নির্বাচনের আজ ফল ঘোষণা। ২৯ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় ভোট হলেও তা শেষ অবধি ফলপ্রসূ হয়নি। EVM-এ টেপ লাগানো, আতর লাগানো থেকে শুরু করে ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ভোট পুরোপুরি বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপর ফের ফলতায় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।

পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে জল অন্যদিকে গড়িয়ে যায়। নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ভোটের আগে ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে নির্বাচনী প্রচারে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ২১ মে ফলতায় পুনরায় ভোট হয়।‌ যদিও জাহাঙ্গির খানকে তাঁর বাড়িতে দেখা যায়নি। সকাল থেকেই পুলিশ ছিল জাহাঙ্গিরের বাড়িতে। ছিল কেন্দ্রীয় বাহিনীও। পুনর্নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচনের সাক্ষী ছিল ফলতা।

আজ ফলাফল । ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনার জন্য মোট ১৯টি টেবিল রাখা হয়েছে এবং ২১ রাউন্ডে ভোটগণনা হবে।

উল্লেখ্য, গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ হয়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৮৮ শতাংশ ভোট পড়ে এই নির্বাচনে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সরকারের পালা বদলের পর ফলতার জনসাধারণও কি পালা বদল চান? তা সময় বলবে।‌