নিউজ ডেস্ক: ভোটে সংকল্প পত্রে উত্তরবঙ্গকে ঢেলে সাজার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এর মধ্যে অন্যতম ছিল সেখানে একটি এইমস তৈরি করা হয়। সেই এইমস তৈরির জন্য বল গড়ানো শুরু হল।
আজ নবান্ন থেকে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে একটি ভার্চুয়াল মিটিং করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর তিনি জানান, উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য প্রয়োজনীয় প্রস্তাব সেখানকার এমপি, এমএলএ-দের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো।’
এরাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে বাম আমলেই রায়গঞ্জে এইমস তৈরির জন্য শিলমোহর দিয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। কিন্তু ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়। জমি জট এবং রাজনৈতিক টানাপোড়েন রায়গঞ্জে শেষপর্যন্ত এইমস তৈরি আটকে যায়। এইমস চলে আসে নদিয়ার কল্যাণীতে।
রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এদিন কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরের তিন জেলা এবং দক্ষিণের আসানসোল পেতে চলেছে মেডিক্যাল কলেজ। মুখ্যমন্ত্রী জানান, ‘কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে বর্তমান সময়ে স্বাস্থ্যক্ষেত্রে একটি যুগান্তকারী অধ্যায় আমরা শুরু করতে চলেছি। এর সুফল কিছুদিনের মধ্যেই আপনারা পেতে শুরু করবেন। আমরা মাননীয় কেন্দ্রীয়মন্ত্রীকে অনুরোধ করেছি এবং লিখিত প্রস্তাবও পাঠাবো, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যে প্রত্যেক জেলায় একটি করে মেডিক্যাল কলেজ তৈরি করা। পশ্চিমবঙ্গে চারটি প্রশাসনিক জেলায় মেডিক্যাল কলেজ তৈরি হয়নি। আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে, দক্ষিণ দিনাজপুরে এবং আসানসোলে। এই চারটি মেডিক্যাল কলেজের জন্য জমি সহ অন্যান্য প্রস্তাব আকারে পাঠাবো।’
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন রাজ্যে স্বাস্থ্য খাতে পরিকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ কোনও অন্তরায় হবে না।
তৃণমূল জমানাতেই জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু সেখানে চিকিৎসার হাল হকিকৎ কী? তানিয়ে জনমানসে বিস্তর চর্চা হয়েছে এবং হয়ে চলেছে। কোথাও পরিকাঠামোগত খামতি আবার কোথাও চিকিৎসকের অভাবে ধুঁকছে হাসপাতালগুলি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে কীভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দ্রুত সঙ্গে সুচারুভাবে পৌঁছে দেওয়া যায় তানিয়েও এদিন বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পর্যায়ে চিকিৎসকদের কেন্দ্রীয় স্তরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, ‘স্বাস্থ্য মন্ত্রকের তরফে অতিদ্রুত তিনটি টিম পাঠানো হচ্ছে। রাজ্যে থাকা স্পেশাল হাসপাতালগুলির চিকিৎসকদের একটি স্বল্প সময়ের প্রশিক্ষণ শিবির হবে। এই তিনটি টিম সেই শিবিরে রাজ্যের চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে।’
হাসপাতালের রেফার রোগ নিরাময়ে আগেই কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে নতুন বিজেপি সরকার। কেন্দ্র-রাজ্য এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সুদিনের আশায় রাজ্যবাসী।