তোলাবাজির অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

40

দেবারতি ঘোষ, কলকাতা: গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। শনিবার রাতে বেহালা থেকে তাঁকে গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি পদক্ষেপ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ। বেহালার দাপুটে নেতা বলেই পরিচিত। ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন সুদীপ। সূত্রের খবর, শনিবার এলাকায় দলীয় পার্টি অফিসে বসে ছিলেন সুদীপ পোল্লে। সে সময় সেখানে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত ছিল। দলীয় কর্মীদের উপস্থিতিতেই কাউন্সিলরকে আটক করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ হঠাৎই তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে কাউন্সিলরকে নিজেদের হেফাজতে নেয়।

অভিযোগ, এলাকায় বিভিন্ন কাজের নামে টাকা তোলা, নির্মাণকাজ বা ব্যবসায়িক ক্ষেত্রে চাপ সৃষ্টি-সহ একাধিক তোলাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে কি না এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

ক্ষমতায় পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নানা স্তরের নেতা-কর্মীরা। আর্থিক দুর্নীতি, সরকারি অর্থ নয়ছয়, সাধারণ মানুষকে হুমকি, মারধরের মতো অভিযোগ। কেউ কেউ ভোট পরবর্তী হিংসায় জড়িত বলেও অভিযোগ। এ বার গ্রেফতার হলেন কলকাতা পুরসভার কোনও কাউন্সিলর।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে ওঠা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সামনে না এলে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।