বালোচিস্তানে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৪

12

নিউজ ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বালোচিস্তানের কোয়েটা। ট্রেন বিস্ফোরণে নিহত অন্তত ২৪। আহত প্রায় পঞ্চাশের কাছাকাছি। প্রত্যক্ষদর্শীদের থেকে বয়ানের ভিত্তিতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পাক তদন্তকারীদের। কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোয়েটার কাছে চামান ফটক এলাকায় পাক আধাসামরিক বাহিনীর সদর দফতরের সামনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ট্রেনের একটা অংশ উড়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। কোনও মতে স্থানীয়দের চেষ্টায় যাত্রীদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের পর আশপাশের এলাকা থেকে গুলির শব্দ শোনা যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই হাজির হয় পাক বাহিনী। অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িও আনা হয়। বিস্ফোরণস্থল ঘিরে রাখে তারা।

এই হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি-র (BLA) মজিদ ব্রিগেড। ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট থেকে সেনাদের নিয়ে যাচ্ছিল। সেই কামরাগুলিকেই মূলত নিশানা করা হয়েছে বলে সূত্রের খবর। কোয়েটা পুলিশ জানিয়েছে, একটি বগি বিস্ফোরণে পুরো তালোগল পাকিয়ে গিয়েছে। বেশ কয়েকটি কামরায় আগুন ধরে যায়। এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণে কীভাবে ঘটানো হয়েছে বা কী ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকাজের পরই বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা।