নারায়ণ সরকার, মালদহ: প্রকাশ্য রাস্তায় মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ। প্রতিবাদ করায় রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপ বিজেপি নেতাকে। গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা কিরণ সাহা। রবিবার দুপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চাঁচল থানার আশাপুর এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের।
মাস কয়েক আগে এলাকার এক মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করেন বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। অভিযুক্ত হাবিবুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, সেই ঘটনার কয়েকমাস পর, রবিবার ‘আক্রান্ত’ বিজেপি নেতা কিরণ সাহা। প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে হাবিবুরের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে চাঁচল-আশাপুর রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে ছুটে যান মালদা জেলা বিজেপির সহ-সভাপতি রতন দাস সহ অন্যান্য বিজেপি নেতারা।