হঠাৎ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ?

46

পৃথা দাশগুপ্ত, কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে কলকাতা পুলিশ। শান্তিনিকেতন-এ দুপুর সাড়ে ৩ টে নাগাদ পৌঁছয় কলকাতা পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল। কলকাতা পুরসভার তরফে পাঠানো এক নোটিশের পরেই পুলিশের এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে ।

সূত্রের খবর, ১৮৮এ হরিশ মুখার্জি রোডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটি অংশে বেআইনি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এই বেআইনি নির্মাণের পরিপ্রক্ষিতেই কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল গত সপ্তাহে। তাই নিয়ে সরগরম ছিল রাজনৈতিক মহল।

ওই অবৈধ অংশটি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।‌ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরসভার সেই নোটিশ এবং নির্দেশের পরিপ্রক্ষিতেই আজ শান্তিনিকেতনে পৌঁছায় কলকাতা পুলিশের বিশেষ দল। সেখানে গিয়ে তারা পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রায় ঘন্টাখানেক থাকার পর একটি মনিটর নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় কলকাতা পুলিশের তদন্তকারী দলকে।