শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে এবার কাকলি ঘোষ দস্তিদার

16

নিউজ ডেস্ক: দূরত্বটা বেড়েছিল কয়েকদিন ধরেই। লোকসভার মুখ্যসচেতকের পদ গিয়েছে তাঁর। এরপরই তিনি ‘আনুগত্য’ নিয়ে সরব হয়েছিলেন। ছেড়েছিলেন জেলা সভাপতির পদও। এবার তাঁকে দেখা গেল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ।

মুখ্যমন্ত্রীর বৈঠকে রয়েছেন রাজ্যের নয়া মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালরাও। সেই বৈঠকেই গাড়ি নিয়ে হাজির হলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে। বৈঠকে সকলেই আমন্ত্রণ পাবেন। সেই সূত্রেই কাকলি ঘোষদস্তিদার নয়া সরকারের প্রশাসনিক বৈঠকে হাজির কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

কাকলি ঘোষদস্তিদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার। প্রশাসনটা কোনও দলীয় কর্মসূচি নয়।’

তবে কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি জল্পনা তৈরি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতকের পদ ফিরিয়ে দেওয়ার পর দলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। এই পরিস্থিতি শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগদান রীতিমত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।