অনলাইন প্রতারণাচক্র উৎখাত হাইলাকান্দিতে, গ্রেফতার ৫

12

অমিতাভ শর্মা, হাইলাকান্দি: অনলাইন প্রতারণাচক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। মহারাষ্ট্রের কোলাপুরের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে অনলাইন প্রতারণার অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পাসবুক এবং প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এই প্রতারণার জাল ছড়ানো হয়েছিল।


পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৫ জনকে বাপন উদ্দিন মজুমদার, শাহিদ আখতার বড়ভুঁইয়া, মাসুদজামান বড়ভুঁইয়া, মুজাক্কির হাসান এবং আসাদ হোসেন বলে শনাক্ত করা হয়েছে। ধৃতদের বয়স ২৩ থেকে ২৬ বছরের মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের কোলাপুরের এক ব্যক্তি তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন ২০ মে। সেই অভিযোগের তদন্তে নেমে হাইলাকান্দি পুলিশ প্রথমে শহরের একটি বেসরকারি ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তদন্তের সূত্র ধরে প্রথমেই গ্রেফতার করা হয় বাপন উদ্দিন মজুমদারকে। পরে বাপন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণাচক্রের নাটের গুরু শাহিদ আখতার বড়ভুঁইয়ার খোঁজ পায় পুলিশ। তদন্তকারীদের দাবি, পুরো চক্রটি শাহিদের নেতৃত্বেই পরিচালিত হচ্ছিল। বাপন উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণার টাকা জমা পড়লেও পুরো বিষয়টি সম্পর্কে সে অবগত ছিল না বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নিজের অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়ার বিনিময়ে শাহিদের কাছ থেকে ২০ হাজার টাকা পেয়েছিল বাপন। পুলিশ শাহিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করে।
ধৃত অন্যরাও শাহিদের অপকর্মের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, তারা একসময় একসঙ্গে কলেজে পড়াশোনা করত এবং পরবর্তীতে এই অনলাইন প্রতারণাচক্রে জড়িয়ে পড়ে। অবশেষে, পুলিশের জালে পড়তে হলো তাদের। এই প্রতারণাচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।


৫ প্রতারককে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাইলাকান্দিতে অনলাইন প্রতারণা এবং ক্রিপ্টো কারেন্সির অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।