অস্বস্তি বাড়ল ‘পুষ্পা’ জাহাঙ্গিরের, রক্ষাকবচ কেড়ে নিল হাইকোর্ট

29

পৃথা দাশগুপ্ত,কলকাতা :ফলতার ভোটে নাম প্রত্যাহার করেছেন। ভোট শতাংশের হিসেবে তৃণমূল চলে গিয়েছে চতুর্থ স্থানে। জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারপরও অস্বস্তি আরও বাড়ল ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের। অভিষেক ঘনিষ্ঠ নেতার রক্ষাকবচের মেয়াদ বাড়াল না হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত তো হবেই। প্রাথমিক তদন্ত করা যায় এমন তথ্য আছে এফআইআরে। জাহাঙ্গির খানকে গ্রেফতারের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। স্পষ্ট করে জানিয়ে দিল হাইকোর্ট।

২০১৯ সালের একটি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হিসেবে পরিচিত ফলতার ওই তৃণমূল নেতা। রক্ষাকবচের মেয়াদ বুধবারই শেষ হচ্ছে। তাই মঙ্গলবার আবার হাই কোর্টে ওঠে ওই মামলা। এরই পাশাপাশি, ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে হাই কোর্ট থেকে আর একটি রক্ষাকবচ নিয়েছিলেন তৃণমূল প্রার্থী। আদালতের প্রশ্ন, ভোটের জন্য কোন নথি না দেখেই ২৬শে মে পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ভোট মিটে গিয়েছে, রক্ষাকবচের আর প্রয়োজন কেন? প্রশ্ন বিচারপতির।

রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, তদন্ত সহযোগিতার শর্তে রক্ষাকবচ দেওয়া হয়েছিল জাহাঙ্গিরকে। জাহাঙ্গির বাড়িতে নেই এবং তদন্তেও সহযোগিতা করছেন না। পুলিশ অফিসারাও খুঁজে পাননি ও তাঁর বিরুদ্ধে জিডি করা হয়েছে।

এরপরই আদালতের তরফে তাঁর রক্ষাকবচের মেয়াদ আর বৃদ্ধি করা হয়নি। আদালতের পরামর্শ, আত্মসমর্পণ করে জামিনের আবেদন করুন।