মূল্যবৃদ্ধির নিয়ে বিক্ষোভ আসু, AJYCP-র

44

নিউজ ডেস্ক: অত্যাবশ্যক সামগ্রীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মঙ্গলবার অসমের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ জানাল আসু। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ বিভিন্ন প্রান্তে। ছাত্র সংস্থার প্রতিবাদে উত্তাল উজান থেকে নিম্ন অসম। অত্যাবশ্য সামগ্রীর দামে রাশ টানা হোক, দাবি আসুর বিক্ষুব্ধ কর্মীদের। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় প্রতিবাদ জানালেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ সংক্ষেপে AJYCP-র সদস্যরাও। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর কুশপুতুল দাহ করে বিক্ষুব্ধ কর্মীরা।

রাজ্যে ধারাবাহিকভাবে পেট্রল ডিজেলের দাম বাড়ছে। ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। সব মিলিয়ে জিনিসপত্রের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ ঘনাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে হ্রাস টানা না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আসু। মঙ্গলবার গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, গোয়ালপাড়া, নগাঁও, লখিমপুর, নলবাড়ি সহ আরও বেশ কিছু ছোট বড় শহরে প্রতিবাদে সরব হয় আসুর কর্মীরা। অবিলম্বে মূল্যবৃদ্ধিতে রাশ টানা হোক, কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি আসুর।

এদিন, মার্ঘেরিটা, শদিয়া, ডুমডুমা, যোরহাটে প্রতিবাদে সরব হয় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগানে উত্তাল করে তোলে জাতীয় সড়ক। একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখান পরিষদের সদস্যরা।