মদ ব্যবসা বন্ধ করতে হবে, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

83

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে কিছু মদ ব্যবসায়ীদের জন্য দুঃখের দিন শুরু হতে চলেছে। এতদিন মন্দির, মসজিদ সহ ধর্মীয় স্থানের কাছেই যে সমস্ত মদের দোকান রয়েছে তা এবার সরিয়ে নিতে হবে। স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকেও সরাতে হবে মদের দোকান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, ধর্মীয় স্থানের ১ কিলোমিটারের মধ্যে কোনও মদ দোকান রাখা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যেও মদ দোকানে নিষেধাজ্ঞার পথে রাজ্য সরকার।

মা ক্যান্টিনে ৫ টাকায় মাছ-ভাত:

মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের তৃণমূল সরকারের আমলে ‘মা ক্যান্টিন’ চালু রাখার সিদ্ধান্ত বর্তমান বিজেপি সরকারের। রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রায় ৪০০ ‘মা ক্যান্টিন’ রয়েছে। মাত্র ৫ টাকাতেই এতদিন সেখানে পাওয়া যায় ডিমের ঝোল-ভাত। এবার সপ্তাহে দু’দিন এই ‘মা ক্যান্টিনে’ মিলবে মাছ-ভাত। দাম থাকছে ৫ টাকাই।

স্বাস্থ্যসাথী অন্তর্ভূক্ত হবে আয়ুষ্মান ভারতে:

পাশাপাশি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময় স্বাস্থ্যসাথী যাঁরা পেতেন তাঁদের আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। সরকারি ভাবেই তাঁদের আয়ুষ্মান ভারতের অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য দফতরের থেকে আলাদা করে আয়ূষ মন্ত্রক চালু করবে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বন্ধ হচ্ছে ‘মুখ্যমন্ত্রীকে বলো’, চালু হবে ‘আপনার সরকারকে বলুন’

তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ‘মুখ্যমন্ত্রীকে বলো’ পরিষেবা বন্ধ হচ্ছে। পরিবর্তে চালু হবে ‘আপনার সরকারকে বলুন’। আগের নম্বর আর থাকছে না। নতুন নম্বরে নয়া নামে চালু হচ্ছে বিজেপি সরকারের এই পরিষেবা। ‘আপনার সরকারকে বলুন’-এই নামকরণ করেছেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।