২৪ ঘণ্টাও ধরে রাখতে পারল না পুলিশ, জামিনে মুক্ত অপসারিত BDO প্রশান্ত

13

পরিতোষ রায়, জলপাইগুড়ি: ইকো পার্ক কাণ্ডে গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে বাড়ি ফিরলেন প্রশান্ত বর্মণ। মঙ্গলবার তাঁকে বারাসত আদালতে হাজির করানো হলে তদন্তে গাফিলতির অভিযোগ সামনে আসে। আদালতে হাজির করা হলেও সময়মতো মামলার নথি জমা দিতে পারেনি পুলিশ। এমনকি তদন্তকারী অফিসারও আদালতে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।


প্রশান্ত বর্মণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ২৮১ ও ১২৫(বি) ধারার পাশাপাশি মোটর ভেহিকল আইনের ১৮৪ ও ১৮৫ ধারায় মামলা রুজু করা হয়। অভিযোগ, বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার বারাসাত আদালতে বিচারক মামলার নথি তলব করেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সেই নথি আদালতে পৌঁছায়নি। সন্ধ্যা পর্যন্ত ম্যাজিস্ট্রেট অপেক্ষা করলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা না পড়ায় শেষ পর্যন্ত প্রশান্ত বর্মণ জামিন পেয়ে যান।

ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সময়মতো নথি জমা পড়ল না, কেন উপস্থিত ছিলেন না তদন্তকারী অফিসার—তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।