নিউজ ডেস্ক: কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ED-র তল্লাশি অভিযান। জানা গিয়েছে, ‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’ সংক্রান্ত এক দুর্নীতি মামলার সূত্র ধরেই এই তল্লাশি। শুধু বিজয়নের বাড়ি নয়, এই মামলায় কেরলম জুড়ে আরও ৯ জায়গায় তল্লাশি অভিযান।
ED সূত্রে খবর, ঘুষ ও অর্থপাচারের অভিযোগের তদন্তের আওতায় শিল্প রাসায়নিক উৎপাদনকারী সংস্থা ‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’। অভিযোগ, বিজয়নের কন্যার সংস্থা ‘এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেড’ কোনও পরিষেবা না দিয়েই ‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’-এর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছে। যদিও এই মামলায় সরাসরি বিজয়নের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ নেই।
কী এই মামলা?
২০২৩ সালের অগাস্টে প্রথম অভিযোগ প্রকাশ্যে আসে। সেই সময় দাবি করা হয়, ‘এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেড’ ২০১৭ সাল থেকে ২০২০ সালের মধ্যে কোনও পরিষেবা না দিয়েই ‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’-এর কাছ থেকে ১.৭২ কোটি টাকা পেয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রীয় সরকার জালিয়াতি তদন্ত দফতরকে (SFIO) বিস্তারিত ভাবে খতিয়ে দেখার নির্দেশ দেয়।
২০২৫ সালের এপ্রিলে কেন্দ্রীয় কর্পোরেট বিষয় মন্ত্রক অবৈধ অর্থ প্রদানের অভিযোগে বিজয়নের কন্যার বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয়। SFIO তাদের অভিযোগপত্রে বীণা, ‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’-এর ডিরেক্টর শশীধরণ সহ ২৭ জনকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করে।
বুধবার টি বীণা ও তাঁর স্বামী মহম্মদ রিয়াসকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করে ED। বিজয়ন কন্যা বীণার বিরুদ্ধে কোম্পানি আইন, ২০১৩-এর ৪৪৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।