দেবারতি ঘোষ, কলকাতা: অবশেষে গ্রেপ্তার হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পলাতক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বুধবার ভোররাতে পুরীর একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজরে ছিলেন। হুমকি ও উস্কানিমূলক মন্তব্য সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন বলে তদন্তকারী সূত্রের দাবি।
STF-এর দাবি, দক্ষিণ ২৪ পরগনার পৈলানের বাড়িতে আগে তল্লাশি চালানো হলেও সে সময় পুলিশের হাত এড়িয়ে যান দিলীপ মণ্ডল। এরপর মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপন করেছিলেন তিনি। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুরীর সমুদ্র তীরবর্তী একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সূত্রের খবর, গ্রেপ্তারের পর তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পলাতক অবস্থায় তিনি কারও সহায়তা পেয়েছিলেন কি না এবং কোথা থেকে যোগাযোগ রক্ষা করছিলেন তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ।
এই গ্রেপ্তারিকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।