সিভিল ড্রেসে তল্লাশি বা গ্রেফতারি নয়, নির্দেশ পুলিশ কমিশনারের দফতরের

32

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সরকারি কাজ করতে হবে পুলিশের উর্দিতে। কলকাতা পুলিশের সকল পুলিশ আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনও তল্লাশি অভিযান, গ্রেফতারি বা কোথাও কোনও ভিজিটে গেলে সিভিল ড্রেসে বা সাদা পোশাক পরা যাবে না। দায়িত্ব পালন করতে হবে উর্দি পরেই। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ কমিশনারের দফতর। তবে কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। যেখানে মনে হবে সাধারণ পোশাক পরে যাওয়ার প্রয়োজন রয়েছে, সেখানে তা করা যাবে। সে ক্ষেত্রে আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেড বা কাউকে গ্রেফতার করতে গেলে কিংবা কোনও সরকারি কাজে গেলে পুলিশের নির্দিষ্ট পোশাক পরেই যেতে হবে। তবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ডিডি, এসটিএফ, সাইবার বা অন্য ইউনিটের পুলিশ কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয়।

সিভিল ড্রেসে পুলিশ কর্মীদের একাংশ নানা ধরনের বেআইনি কাজ করছে এমন অভিযোগ এসেছে একাধিকবার। মনে করা হচ্ছে, উর্দি পরা থাকলে এই সমস্ত বেআইনি কাজ করতে বেশ খানিকটা পিছপা হবেন সেই সমস্ত পুলিশ আধিকারিকদের একাংশ। এমনিতেও সরকারি কাজে গেলে পুলিশের উর্দি পরাই বাঞ্ছনীয়। আর সেই নির্দেশিকাই এবার বিজ্ঞপ্তি আকারে জারি করল কলকাতা পুলিশ কমিশনারের দপ্তর।