এবার পদত্যাগ অরূপ, সুশান্তর! কলকাতা পুরসভায় শুরু চাপানউতোর

17

দেবারতি ঘোষ, কলকাতা: পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পরাজয়ের পর ভাঙন আর দোষারোপের পালা যেন অপেক্ষায় ছিল। কয়েকদিন আগেই কলকাতা পুরসভার ৯ নম্বর বোরোর চেয়ারপার্সন পদে ইস্তফা দেন দেবলীনা বিশ্বাস। এবার একের পর এক গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের।

৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন সুশান্ত ঘোষ। তবে ১০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপাতত কাজ চালিয়ে যেতে রাজি তিনি, এমনটাই সূত্রের খবর। এই দুই পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভা-র অন্দরে প্রশাসনিক সিদ্ধান্ত, নেতৃত্বের ভূমিকা এবং কাউন্সিলরদের অসন্তোষ নিয়ে নানা আলোচনা চলছিল। সেই আবহেই গুরুত্বপূর্ণ পদ থেকে পরপর ইস্তফার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

যদিও পদত্যাগের নির্দিষ্ট কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত ব্যাখ্যা সামনে আসেনি। দলীয় বা প্রশাসনিক স্তরে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। পাশাপাশি প্রশ্ন উঠছে, এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি পুরসভার অন্দরে আরও বড় কোনও অসন্তোষের ইঙ্গিত—তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।