পৃথা দাশগুপ্ত, কলকাতা: বুধবার দুপুরে আচমকাই গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল চলচ্চিত্র পরিচালক অনীক দত্তর। সূত্রের খবর, প্রথমে ছাদ থেকে উদ্ধার করে সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায় অনীক দত্ত প্রয়াত। কীভাবে এই ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই হোমিসাইড শাখার আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছেছেন। তাঁর বাড়ি পুরো ঘিরে ফেলা হয়েছে।

পরিবার বা পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ঠিক কী পরিস্থিতিতে তিনি ছাদ থেকে পড়ে যান, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা । তবে আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিতভাবে মানতে নারাজ তদন্তকারীরা।
বিজ্ঞাপনের জগৎ থেকে চলচ্চিত্র পরিচালনায় আসা । ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ। মুক্তির পরই ছবিটি দর্শকমহলে বিপুল সাড়া ফেলে। এই ছবি নিয়ে বিতর্কও হয়। এরপর একের পর এক পরিচালনা। ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’-র মতো একাধিক আলোচিত সিনেমা। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি ‘অপরাজিত’ বিশেষভাবে প্রশংসিত।
তাঁর ছবিতে বারবার উঠে এসেছে মধ্যবিত্ত বাঙালির মনের কথা, সামাজিক বার্তা ও ব্যঙ্গাত্মক রাজনীতিবোধ। মোট আটটি ছবি পরিচালনা করেন অনীক দত্ত। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’, ২০২৫ সালে মুক্তি পেয়েছিল। পরিচালকের মৃত্যুসংবাদ সামনে আসতেই টলিউডের শোকের ছায়া।