অনীক দত্তর শেষকৃত্যে সামিল টলি তারকা থেকে গুণমুগ্ধরা

37

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বুধবার না ফেরার দেশে চলে যান পরিচালক অনীক দত্ত। প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত -র সঙ্গে হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু দেখা হয়নি। ওই আবাসনের ফ্ল্যাট থেকেই আত্মহত্যা করেন পরিচালক। ছাদ থেকে পাওয়া যায় একটি সুইসাইড নোট, তাতে লেখা ” আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” । দীর্ঘদিন থেকেই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন তিনি।

আজ সকালে নন্দনে নিয়ে যাওয়া হয় পরিচালকের মরদেহ। সেখানে পরিচালককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভিড় করেছিলেন টলি তারকা থেকে অসংখ্য অনুরাগীরা। নন্দনে কিছুক্ষণ রাখার পরে অনীক দত্তের মরদেহ নিয়ে যাওয়া হয় টলিপাড়ার ঐতিহাসিক নিউ থিয়েটার্স ১ অর্থাৎ এন টি ওয়ান স্টুডিও য়। গানে গানে পরিচালক অনীক দত্তকে শেষ বিদায় জানান প্রত্যেককে।

এন টি ওয়ান স্টুডিওয়ে উপস্থিত ছিলেন সৌরভ দাস, অগ্নিমিত্রা পাল, লগ্নজিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, জীতু কমল সহ আরও অনেকে। পরিচালককে মালা দিয়ে শেষ বিদায় জানান অভিনেতা জিৎ সহ আরো অনেকে।

বাবার সঙ্গে মেয়ের দেখা হয়েছে গতকাল পিস ওয়ার্ল্ডে। আজ সব স্মৃতি। বাবার নিথর দেহের পাশে বসে চোখের জল ধরে রাখতে পারেননি কন্যা ঐশী দত্ত । কখনো কখনো তাকে গানে গানে গলা মেলাতেও দেখা যায়। পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। এরপর পরিচালকের দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। পরিচালক অনীক দত্ত-র শেষকৃত্য সম্পন্ন করেন তার একমাত্র কন্যা ঐশী দত্ত।