নিউজ ডেস্ক: জুনের প্রথম সপ্তাহে সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় মন্ত্রিসভা। হিমন্তের নয়া ক্যাবিনেটে কে কে স্থান পাবেন? বর্তমানে সেই নিয়ে দিশপুরে চলছে জোর জল্পনা। প্রাক্তন মন্ত্রী পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, ড০ রণোজ পেগু, বিমল বরা, অশোক সিঙ্ঘল মন্ত্রিত্বের দায়িত্ব পেতে পারেন। মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হবে বরাক থেকে দুজন, আহোম, কোচ রাজবংশী, মরাণ মটকের প্রতিনিধিদেরও হিমন্তের ক্যাবিনেটে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভায় স্থান পেতে পারেন একাধিক প্রাক্তন মন্ত্রী। ক্যাবিনেটে অন্তর্ভুক্ত হতে পারে একাধিক নয়া মুখও। জুনের প্রথম সপ্তাহেই মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রদেশ বিজেপি। তবে কোনওভাবেই দুজনের বেশি মন্ত্রী পাচ্ছে না বরাক। সংখ্যাটা একেও আটকে থাকতে পারে এবং এই আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বরাক থেকে কে কে স্থান পাবেন হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায়? তা নিয়ে রাজ্য রাজনীতিতে গুঞ্জনের শেষ নেই। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনই ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করা হয়েছে চারজনকে। কিন্তু এর বাইরে আর কারা স্থান পাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মার নয়া মন্ত্রিসভায়? দিশপুরের ভেতর-বাইরে বর্তমানে এনিয়েই চলছে ব্যাপক চর্চা। এই প্রতিবেদন লেখার সময় অসমের বাইরে রয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। তেসরা জুন ঘুরে আসার কথা রাজ্যপালের। ৫ থেকে ৬ জুন শপথ নিতে পারেন নতুন মন্ত্রীরা। এই পরিস্থিতিতে মন্ত্রিত্ব নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বাজপেয়ী ভবনের খবর অনুযায়ী, হিমন্ত বিশ্বের দ্বিতীয় মন্ত্রিসভায়ও ফের সুযোগ পেতে পারেন একাধিক প্রাক্তন মন্ত্রী। এর মধ্যে রয়েছেন, পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বরুয়া, ডাঃ রনোজ পেগু ও অশোক সিঙ্ঘল। কিন্তু উৎকণ্ঠা দেখা দিয়েছে নতুন মুখ নিয়ে। জাতি-জনগোষ্ঠীর ভিত্তিতে আহোম থেকে কোনও একজন মন্ত্রিত্ব পেতে পারেন। সম্ভাবনা রয়েছে ধর্মেশ্বর কোঁয়র বা সুশান্ত বরগোঁহাইয়ের। কোচ রাজবংশীর প্রতিনিধি হিসেবে সম্ভাবনা রয়েছে অশ্বিনী রায় সরকারের। মরান-মটকের প্রতিনিধি হিসেবে চর্চায় রয়েছে শদিয়ার বলিন চেতিয়ার নাম।
অন্যদিকে, বরাক থেকে সর্বাধিক দুজন পেতে পারেন মন্ত্রিত্ব। বরাকে মন্ত্রিত্বের দৌড়ে ফের এগিয়ে রয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ডাঃ রাজদীপ রায় ও কৌশিক রায়ের মধ্যে কোনও একজন। সেক্ষেত্রে দুই প্রাক্তন মন্ত্রী বর্ষীয়ান প্রশান্ত ফুকন এবং চন্দ্রমোহন পাটোয়ারির সম্ভাবনা প্রায় নেই। প্রদেশ বিজেপি সূত্রে যে খবর সে অনুযায়ী আগামী এক বছর পর্যন্ত কোনওভাবেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করছেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সবদিক বিবেচনা করে, লবিকেন্দ্রিক সব ইস্যু সামলে তবেই আপাতত আরও ছয় থেকে আটজনকে ক্যাবিনেটে আন্তর্ভুক্ত করবেন মুখ্যমন্ত্রী। ভাগ্যবান সেই ছয়-সাতজন কারা? আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে।