শিবমন্দিরের দানপাত্রে গরুর কাটা মুণ্ডু! রামকৃষ্ণনগরে চাঞ্চল্য

19

শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর: শিবমন্দিরের দানপাত্রে গরুর কাটা মুণ্ডু! ইদের পরদিনই নিষিদ্ধ মাংস উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য রামকৃষ্ণনগর বিধানসভার আনিপুরে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত হিন্দু গ্রামে। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই কি এই কাজ? তদন্তে স্থানীয় পুলিশ।

শুক্রবার সকালে এমনই এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হল, রামকৃষ্ণনগর বিধানসভার মদনপুর গ্রাম। এবার ইদের আগে সারা রাজ্যে মুসলিম সমাজ গো-হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। হিন্দু মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা চিন্তা করেই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন ইসলাম ধর্মাবলম্বীরা। বাস্তবেও এর প্রতিফলন ঘটে। অন্যান্য বছরের মতো এবার গো-হত্যা হয়নি। কিন্তু সারা রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এবার শিরোনামে রামকৃষ্ণনগর। মদনপুর গ্রামের শিব মন্দিরের দানপাত্রে গরুর কাটা মুণ্ডু উদ্ধার। শুক্রবার সকালে নিষিদ্ধ মাংস দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রামকৃষ্ণনগর বিধানসভায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের বিশাল বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

প্রশ্ন হয়, কারা হিন্দু গ্রামে প্রবেশ করে এই কাজ করল? ঘটনার নেপথ্যে কি রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র? উত্তর খুঁজে বের করতে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে রামকৃষ্ণনগর পুলিশ। এ পর্যন্ত কারো গ্রেফতারির খবর নেই।