‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে বিভ্রান্তি কাটাতে বার্তা মুখ্যমন্ত্রীর

13

নিউজ ডেস্ক: ১১ পাতার ফর্ম নিয়ে বাংলায় শোরগোল। ফর্ম সরলীকরণের দাবি উঠেছে। আর বিধাননগর হাসপাতালে সরকারি কর্মসূচি থেকেই এ নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশ্বাস, সরকার চায় প্রকৃত প্রাপকরাই যেন সরকারি স্কিমের সুবিধা পায়।

ভোটের আগে সঙ্কল্পপত্রে ‘অন্নপূর্ণা যোজনা’-য় মহিলাদের ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা করে বিজেপি। ক্ষমতায় আসার পর শুভেন্দুর সরকার সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করেছে। বাড়ি বাড়ি দেওয়া হয়েছে ১১ পাতার একটি দীর্ঘ ফর্ম। কী না চাওয়া হয়নি! পরিবারের সকলের ব্যাঙ্কের নথি থেকে জমির কাগজ। ফর্ম নিয়ে প্রশ্ন তুলছেন ভোটারদের একটা বড় অংশ।

এই পরিস্থিতিতে ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে আশ্বস্ত করলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না।’ শুভেন্দু আরও বলেন, ‘আমরা চাই প্রকৃত প্রাপক টাকা পান। অভারতীয় বা পুরুষ কেউ এই টাকা যাতে না পান, সেটা আমরা নিশ্চিত করব।’

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ৫০০ টাকা দিয়ে শুরু করে ১ হাজার ৫০০ টাকায় শেষ হয়েছে। এই প্রকল্পের আওতায় ছিলেন পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা। ১১ পাতার ফর্ম দেখে মহিলাদের একটা বড় অংশের প্রশ্ন, আদৌ ‘অন্নপূর্ণা যোজনা’-য় টাকা মিলবে তো? নয়া সরকারের দাবি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প মহিলাদের পাওয়ার কথা থাকলেও তা নিয়েছেন অনেক পুরুষই। ইতিমধ্যেই কয়েকজনকে চিহ্নিত করে পাকড়াও করেছে পুলিশ, দাবি মুখ্যমন্ত্রীর। কিন্তু ‘অন্নপূর্ণা যোজনা’ স্বচ্ছতার সঙ্গে করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।