নিউজ ডেস্ক: ঘণ্টার পর ঘণ্টা কাজ, যেন শেষ নেই। তার ওপর প্রতিদিনই নিত্যনতুন বিষয়। বসের চোখ রাঙানি। ছুটির বালাই নেই বললেই চলে। বেসরকারি সংস্থায় এখন মোটের ওপর কাজের ধরনটাই এমন। সে যে সেক্টরই হোক না কেন। প্রতিদিনই রুটিরুজির জন্য চলে অসম লড়াই। যেখানে স্বাস্থ্য, মানসিক স্বস্তি, পরিবার সবই তুচ্ছ।
দীর্ঘ ৯ বছর IT সেক্টরে ম্যানেজারের পদে চাকরি করার পর তিতিবিরক্ত হয়ে একদিন চাকরিটাই হঠাৎ করে ছেড়ে দিয়ে অটো কিনলেন দক্ষিণের এই মহিলা। নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে তাল মেলাতে এবার যেন বাস্তবিকই ‘অক্সিজেন’ পেলেন ওই মহিলা। নিজের খুশি মতো দিনে কয়েক ঘণ্টা অটো চালিয়ে মাসে ন্যূনতম ৬০ হাজার টাকা আয় করছেন ওই মহিলা অটো চালক। কিন্তু এই টাকাই IT সেক্টরে মাইনে হিসেবে পেতে তাঁকে কী করতে হয়েছে আজও তাঁর কাছে তা যেন দুঃস্বপ্ন।
সম্প্রতি এই অটো ড্রাইভারের একটি রিল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জনৈক নেজরিন মিধলাজ। রাতারাতি ভাইরাল ওই মহিলা অটো চালকের রিল।
https://www.instagram.com/reel/DX9VyA-PVmu/?utm_source=ig_web_copy_link
এই রিল ভাইরাল হওয়ার পর অনেকেই কমেন্ট করে বেসরকারি কর্মক্ষেত্রে নিজের নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। অনেকেই হাই প্রোফাইল চাকরি জীবন ছেড়ে অন্য পথে রোজগার এবং দিশা পাওয়ার কথাও জানিয়েছেন। উত্তরপ্রদেশের এক যুবক জানিয়েছেন, সংবাদ মাধ্যমে সঞ্চালকের কাজ করতেন তিনি। কিন্তু কাজের ধরন-ধারন এবং অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত হওয়ার কারণে তিনি চাকরি ছেড়ে দেন। পনেরো বছর আগের ঘটনা। চাকরি ছেড়ে অটো কেনেন। পনেরো বছর পর এখন তিনি পাঁচটি ভারত ট্রাকের মালিক। প্রায় ৫ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি। কিন্তু এখনও তিনি অটো চালক হিসেবেই কাজ করে চলেছেন।
এই দুই অটো চালকের কাহিনি নজর টেনেছে সমাজ মাধ্যমের। পরিশ্রম ও সততায় এঁরাই চাকরির মন্দা বাজারে তরুণ তরুণীদের পথ দেখাচ্ছে। ‘ভাইরাল’ রিলই হয়ত সেকথা বলে দিচ্ছে।