সন্তু দাস, দক্ষিণ দিনাজপুর: বিএলও-র কাজের পর এবার অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম বিলিও করানো হবে। আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গের আধা সরকারি কর্মীদের একাংশ। সরকারের সিদ্ধান্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূর্ণ করতে মহিলাদের সহযোগিতা করবেন সরকারি কর্মীরা। এই ঘোষণার পরই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিডিওর কাছে স্মারক লিপি দিতে হাজির রাজ্যের আধা সরকারি কর্মীরা। তাঁদের দাবি, অন্নপূর্ণা যোজনার অধীনে ইচ্ছুক সুবিধাভোগীদের থেকে ফর্ম বিতরণ, যাচাই এবং সংগ্রহের কাজে শিক্ষকদের নিযুক্ত করতে হবে। কেন আধা সরকারি কর্মীদের এই কাজে নিযুক্ত করা হচ্ছে।
বিক্ষোভরত বিএলও তথা আধা সরকারি শিক্ষকদের দাবি, গত ৮-৯ মাস ধরে শিক্ষকরা সরকারি অন্য কাজে যুক্ত থাকায় স্কুলে যেতে পারছে না। গ্রামের বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাবে পড়াশোনার ক্ষতি হচ্ছে। শিশুদের পাঠ্যক্রম শেষ হচ্ছে না নির্দিষ্ট সময়ে। আন্দোলনকারী দেবাশিস বসাকের দাবি, ‘বিডিও থেকে ডাকা হয়েছে ট্রেনিংয়ের জন্য। অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি সংক্রান্ত কাজের জন্য ডাকা হয়েছে। ৩ জুন পর্যন্ত বিএলওর দায়িত্ব। নভেম্বর মাস থেকে স্কুলে যেতে পারিনি। আবার যদি এই কাজে নিযুক্ত হই। স্কুল পড়ুয়াদের কী হবে?’
আন্দোলনকারী আর এক আধা সরকারি শিক্ষক তৃষা সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপের কাজ বেআইনি ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে তাঁদের উপর। ডিএ-র বেলায় হয় না। অথচ এই সব কাজে নিযুক্ত করা হচ্ছে। শিক্ষা বহির্ভূত কাজে আইন লঙ্ঘন করে নিযুক্ত করা হচ্ছে। সরকারি স্কুলগুলোর অবস্থা খারাপ। বিএলওর কাজের ফলে আরও চাপ বাড়ছে।