একের পর এক বিয়ে! দশ বিয়ের পর ধরা পড়ল মফিজুল

8

টিঙ্কু দাস, যোগীঘোপা: সরকার বহুবিবাহ রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও রাজ্যে বহু বিবাহে লাগাম টানা যায়নি। এবার যোগীঘোপা থেকে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। এক-দুটি নয়, দশটি বিয়ে করে গ্রেফতার হলেন এক যুবক।

নাম মফিজুল। সূত্রের খবর, নিম্ন অসমের একাধিক স্থানে বিয়ে করেছে ওই যুবক। তামারহাটে একজন, কৃষ্ণাইয়ে একজন, পানবাড়িতে একজন, যোগীঘোপায় একজন, বালাজানে ২ জন। সরকার অভিন্ন দেওয়ানি বিধি এনেছে। বহু বিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান অসম সরকারের। কিন্তু এসবকে যেন পাত্তাই দেন না ধুবড়ি জেলার তামারহাটের বাসিন্দা মফিজুল ইসলাম। মানুষ কোথাও গেলে যেমন ভাবে এক কাপ চা, একটা তামুল খায়, মফিজুল কোথাও গেলে একটি করে বিয়ে করে। মানুষের জীবনে নানা শখ থাকে। মফিজুলের শখ একের পর এক বিয়ে করা। তাই যাখানেই যান বিয়ে করে নেন মফিজুল। কখনও দু-বেলা দুটো বিয়ের রেকৰ্ডও আছে মফিজুলের। এভাবে একে একে আজ পর্যন্ত ১০ জনকে বিয়ে করেছে মফিজুল ইসলাম। কিন্তু শেষ রক্ষা হল না। মফিজুলের কীর্তি প্রকাশ্যে আনেন তারই এক স্ত্রী। যোগীঘোপার এক তরুণীকে বিয়ে করার পর সমস্যায় জড়ান মফিজুল। শ্বশুরের বাড়িতেই থাকত। নতুন স্ত্রী মফিজুলের ফোনে অন্য মহিলার নম্বরে তার ছবি দেখে ফেলেন। সন্দেহ জাগে। তারপরই ওই নম্বরে ফোন করে জানতে পারেন মহিলাটি আসলে মফিজুলের বিবাহিত স্ত্রী। পরে ওই মহিলাকে নিজের বাড়িতে ডেকে আনেন মফিজুলের নতুন স্ত্রী। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো। পুলিশ এসে গ্রেফতার করে মফিজুলকে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।