গোয়ালপাড়ার স্কুলে গো-মাংস, কৃষ্ণাই থানায় অভিযোগ দায়ের

37

নিউজ ডেস্ক: গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ে তীব্র চাঞ্চল্য। সরকারি স্কুলে টিফিনের সময় একাংশ পড়ুয়ার গো-মাংস খাওয়া এবং অন্য ২ পড়ুয়াকে খাওয়ানোর চেষ্টার ঘটনা নিয়ে তুমুল হইচই, উত্তেজনা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। ভিনধর্মী সহপাঠীদের গো-মাংস খাওয়ানোর চেষ্টার ঘটনায় সৃষ্ট উত্তেজনা শেষ পর্যন্ত গড়ায় থানা পর্যন্ত।

গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের হাবরাঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের ঘটনা। অভিযোগ, ক্লাস নাইনের ৫ ছাত্র স্কুলে নিয়ে গিয়েছিল রান্না করা গো-মাংস। টিফিনের সময় সেই মাংস তারা নিজেরা খেয়েছে এবং শুধু তাই নয়, ভিনধর্মী অন্য ২ ছাত্রকেও সেই মাংস খাওয়ানোর চেষ্টা করে বলে অভিযোগ। এঘটনায় কৃষ্ণাই অঞ্চলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এমনকি স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। গো-মাংস খেতে অস্বীকার করা ২ ভিনধর্মী ছাত্রকেও ঘটনাটি নিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয় বলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ২ ছাত্রের অভিভাবকদের পক্ষ থেকে বিষয়টি কৃষ্ণাই থানায় জানানো হয়েছে।

কৃষ্ণাই থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ক্লাস নাইনের ৫ ছাত্র গো-মাংস নিয়ে এসেছিল স্কুলে। ক্লাসের ভিতরেই তারা সেই মাংস খেয়েছে। সহপাঠী ২ হিন্দু ছাত্রকেও জোর করে গো-মাংস খাওয়ানোর চেষ্টা করে সেই ছাত্ররা। তারা মাংস খেতে অস্বীকার করলে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ।

স্কুল থেকে ঘরে ফিরে ২ ছাত্র অভিভাবকদের কাছে ঘটনাটি জানায়। তারপরই অভিভাবকরা কৃষ্ণাই থানায় গিয়ে আইনি ব্যবস্থা চেয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলেছেন। ঘটনাটি স্বীকার করেন কৃষ্ণাই থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার আনন্দ রাভা। তিনি বলেন, ঘটনাটি নিয়ে ২ ছাত্রের অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেছেন।