পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর বাতিল ও আইনি রক্ষাকবচের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি এবং দ্রুত শুনানির আর্জি জানালেন তিনি। আজ তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দিনের পর দিন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর অস্বস্তি বাড়ছে এবং বারাসত আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছে বলেই কী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি?
বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার আবেদন জানান আইনজীবী কিশোর দত্ত। তাঁর আবেদন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর দায়ের হয়েছে, সেই সবকটিকে চ্যালেঞ্জ করে মামলা করতে চান তাঁরা। একইসঙ্গে পরিস্থিতির গুরুত্ব বিচার করে মামলাটির দ্রুত শুনানিরও আবেদন জানানো হয়।
তবে এখনই এই বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ বা শুনানির দিনক্ষণ দেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি আইনজীবী কিশোর দত্তকে জানিয়ে দেন, আগে মামলা দায়ের হোক, তারপর আদালত বিষয়টি বিবেচনা করবে।
মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।