আরও এক ‘দুর্নীতি’, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বউবাজার থানায় FIR

15

পৃথা দাশগুপ্ত, কলকাতা: তৃণমূল ক্ষমতা হারানোর পর ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ উঠছিল। সরকারি অনুষ্ঠানে সুযোগ দিয়ে কাটমানি, স্বজনপোষণের অভিযোগ তো ছিল। এবার প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রীর বিরুদ্ধে দুর্গাপুজো নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। তবে তিনি একা নন, এবার কাঠগড়ায় তাঁর স্ত্রীও। অভিযোগ, ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করতেন তাঁরা। বেআইনিভাবে প্রি-পুজোর টিকিট বিক্রি করত ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনের সংস্থা ‘মাস আর্ট’। তাঁদের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়।

জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, ২০২২ সালে একটি সংস্থা গড়ে তোলেন মধুছন্দা সেন।‌ ওই সংস্থা দাবি করে, ইউনেস্কো তাদের পার্টনার। একইসঙ্গে বলা হয়, ইউনেস্কো ২৪টা দুর্গাপুজোর প্যান্ডেলকে বেছে নিয়েছে। কিন্তু, তা পরে জানা যায় মিথ্যে। ইউনেস্কোর যে নাম ও লোগো ব্যবহার করা হয়েছে তা ভুয়ো। জয়দীপ মুখোপাধ্যায়ের দাবি, ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, এটা আর্থিক দুর্নীতি । এরকম কোন‌ও চুক্তি তাঁদের সঙ্গে হয়নি।

ঘটনার সূত্রপাত ২০২২ সালে।‌ বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পায় ২০২১-এ। ২০২২-এ ‘মাস আর্ট’ সংস্থাটি গড়ে ওঠে। কলকাতার ২৪টি পুজোকে বেছে নিয়ে একটি প্রদর্শনী করা হতো এবং সেখানে থিমগুলি আগেই দেখানো হতো। প্রদর্শনীর জন্য টিকিটেরও ব্যবস্থা করা হতো।‌ পরবর্তী ক্ষেত্রে অভিযোগ ওঠে, ইউনেস্কো এরম কোন কাজের সঙ্গে যুক্ত নয়। সবটাই ভুয়ো। পুজোর কিছু কর্মকর্তা এবং সস্ত্রীক ইন্দ্রনীল সেনের কাছে যেত কোটি কোটি টাকা।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।