ফুটন্ত ইস্পাত পড়ে ঝলসে মৃত্যু একাধিক শ্রমিকের, মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রে

34

নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। ফুটন্ত তরল ইস্পাতে ঝলসে মৃত্যু অন্তত আট জনের। গুরুতর জখম অনেক শ্রমিক। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

সোমবার বিকেলে ইস্পাত কারখানাটির এসএমএস-২ এবং এসটিসি-৩ তাপ উৎপাদন কেন্দ্রে দুর্ঘটনাটি ঘটে। ক্রেনে করে একটি বিশালাকার পাত্রে বহন করা হচ্ছিল প্রায় ১৬০০ ডিগ্রি সেসিয়াস তাপমাত্রার গলানো ইস্পাত। এমন সময় বিস্ফোরণ ঘটে বহনকরী পাত্রে। আতঙ্কে কারখানায় হুড়োহুড়ি প়ড়ে যায়। তবে, গলানো ইস্পাত গায়ে পড়ে ঝলসে যান অনেকে। কারও গোটা শরীরই পুড়েছে, কারও শরীরের নানা অংশ ঝলসে গিয়েছে।

ওই কারখানার ৫ জন স্থায়ী কর্মচারী সহ মোট আট জনের মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত। দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে কারখানার কর্মীরাই উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং পুলিশ। গুরতর আহত হয়েছেন বহু শ্রমিক। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। যদিও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। মোদীর ঘোষণা অনুযায়ী, প্রত্যেক মৃত কর্মীর পরিবারকে দু’লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবার পিছু ৫ কোটি টাকা দাবি করেছে শ্রমিক সংগঠন।