বিমাতৃসুলভ আচরণের অভিযোগে ২৭নং জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ ট্রাক চালকদের

11

মঙ্কু দাস: নতুন করে তৈরি করা হয়েছে জাটিঙ্গা-হারাঙ্গাজাও সংযোগী জাতীয় সড়ক। শুরু হয়েছে গাড়ি চলাচল। এবার ২৭নং জাতীয় সড়কে গাড়ি চলাচলে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনলেন একাংশ ট্রাক চালক। তাঁদের অভিযোগ, সাধারণ ব্যবসার জিনিষপত্র বহনকারী ট্রাকগুলিকে এই পথে চলাচল করতে দেওয়া হচ্ছে না। অথচ কয়লা বহনকারী বড় বড় ওভারলোডেড ট্রাক এই রাস্তা দিয়ে অনায়াসে পার হচ্ছে। ফলে পণ্য পরিবহনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ট্রাক চালকদের।

ট্রাক চালকদের অভিযোগ, পুরনো রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। ওই রাস্তা দিয়ে চলাচল করলে প্রতিদিন বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। ফলে ট্রাক চালকদের নতুন রাস্তা ব্যবহার করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

প্রতিবাদে ২৭নং জাতীয় সড়কের একাংশ অবরোধ করেন ট্রাক চালকরা। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টিতে হস্তক্ষেপ করে নতুন পথ দিয়ে সব ধরনের বাহন চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান প্রতিবাদকারী ট্রাক চালকরা। খবর লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।