আলিপুরে সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

36

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বুধবার সাতসকালে আলিপুরের সরকারি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। সকাল ৭টা নাগাদ আগুন লাগে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতলে। ৪ তলা থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নেমেছে। বহুতলের ছাদে দু’জন কর্মী আটকে পড়েছেন বলে খবর।

দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। প্রথমে আগুন লাগে ভবনের চতুর্থ তলায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পঞ্চম এবং ষষ্ঠ তলায়। আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ায় সিঁড়ি দিয়ে ভবনের উপরে উঠতে পারেননি দমকলকর্মীরা। শেষ পর্যন্ত বহুতলের জানলার কাচ ভেঙে আগুন নেবানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। অফিস চালু হয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে বলে আশঙ্কা দমকলকর্মীদের। জেলা পরিষদের দফতরের পাশাপাশি আলিপুরের ওই এলাকায় আরও বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। তাই আশপাশের ভবনগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যে ভবনে আগুন লেগেছে, সেখানে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিইএসসি। ভবনের উপরের তলাগুলিতে কয়েক জন রংমিস্ত্রি কাজ করছিলেন। তাঁদের দড়ি বেয়ে নীচে নামিয়ে আনেন দমকলকর্মীরা। তবে জায়গাটি সঙ্কীর্ণ হওয়ায় এবং আশপাশে অনেক গাছ থাকায় মই লাগাতে গিয়ে সমস্যায় পড়েছে দমকল বাহিনী।

আগুনের উৎসস্থল চতুর্থ তলায় জেলা পরিষদের কর্মীদের দফতর রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে অনেক সরকারি নথি পুড়ে যেতে পারে বলে আশঙ্কা। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন এবং ধোঁয়ার জেরে কারও যাতে শ্বাসকষ্ট না হয়, তা নিশ্চিত করতে অক্সিজেন সিলিন্ডার এবং ব্রিদিং মেশিনও নিয়ে আসা হয়েছে।