শ্ৰীভূমিতে প্রেমিকের হাতে খুন প্রেমিকা। লামডিং থেকে ধৃত অভিযুক্ত

16

মিস্টু দত্ত: শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের গামারিয়া গ্রামে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। প্রেমে বিরোধের জেরে এই ঘটনা বলে অভিযোগ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রুসনা বেগমের স্বামী মতিউর রহমান কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। স্বামীর অবর্তমানে হাইলাকান্দির আলগাপুর-মোহনপুরের বাসিন্দা এবাদ উদ্দিন লস্করের সঙ্গে সম্পর্কে জড়ান রুসনা বেগম। মাসখানেক আগে স্বামীর বাড়িতই রুসনা বেগম ও এবাদ উদ্দিনকে আপত্তিজনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

পরে বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি শুরু হলে রুসনা বেগমকে গ্রহণ করতে অস্বীকার করেন তাঁর স্বামী মতিউর রহমান। অগত্যা সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেন রুসনা বেগম। কিন্তু বাপের বাড়িতেও নিরাপদ ছিলেন না রুসনা, অভিযোগ পরিবারের। ঘটনার দিন, সকাল থেকেই এবাদ উদ্দিন রুসনাকে ফোন করে ও তাঁর সঙ্গে যাওয়ার কথা বলে। রুসনা বেগম তাঁর এই প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত এবাদ উদ্দিন রুসনার বাপের বাড়ির কাছে এসে আবারও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। অভিযোগ, এরপর রুসনা বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবাদ উদ্দিন ও ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করতে থাকে রুসনাকে।

গুরুতর আহত হয়ে রুসনা মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা সেখানে পৌঁছলে অভিযুক্ত এবাদ উদ্দিন সেখান থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় রুসনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুসনা বেগমের।

রুসনার পরিবার এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে লামডিং রেল স্টেশন থেকে এবাদ উদ্দিনকে গ্রেফতার করে। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ, জানতে তদন্ত করছে পুলিশ।