ফের উত্তপ্ত মণিপুর, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রাজপথে নাগারা

19

ইম্ফল: মণিপুরে নতুন সরকার গঠন হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিপরীতে ক্রমশ জটিল হচ্ছে। এতদিন মৈতেই-কুকিদের মধ্যে যে সঙ্ঘর্ষ চলছিল, এবার গোষ্ঠী সঙ্ঘর্ষের সেই আগুনে জড়িয়ে গেল নাগারাও।
কিছুদিন আগে মণিপুরে নাগা সম্প্রদায়ের বহু লোককে অপহরণ করে দুষ্কৃতীরা। ঘটনার নেপথ্যে কুকিদের জড়িত থাকার সন্দেহ করা হয়েছিল। এই অপহরণকাণ্ডের পর উদ্ধার হয় ছয় নাগা ব্যক্তির মৃতদেহ। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বুধবার রাতে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রাজপথে বেরিয়ে আসেন নাগা সম্প্রদায়ের লোকেরা। কুকি জঙ্গিদের বিরুদ্ধে কার্যত তাঁরা জেহাদ ঘোষণা করেন। এদিকে, বুধবার রাতেই অগ্নিগর্ভ হয়ে উঠে ইম্ফলের জওহরলাল নেহরু ইন্সস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স। প্রতিবাদকারী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে দফায় দফায় সঙ্ঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবাদকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। বর্তমানে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও টান টান উত্তেজনা বিরাজ করছে।