সই জাল মামলায় CID দফতরে হাজিরা অভিষেকের

49

পৃথা দাশগুপ্ত, কলকাতা: স‌ই জাল মামলায় CID দফতরে দ্বিতীয়বার হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টায় তাঁকে হাজিরা দিতে বলা হলেও সকাল ১১.৪৪ মিনিটে ভবানী ভবনে চলে আসেন তৃণমূল সাংসদ। এ নিয়ে সই জাল মামলায় তাঁকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। কারণ তদন্তকারীদের মতে, আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার সাড়ে চার ঘণ্টার বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে সিআইডি দফতরে হাজির হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিআইপি জোনের বাইরে তৃণমূল সাংসদের গাড়ি আটকে দেওয়া হয়। প্রথমে আইডি কার্ড গাড়িতে রেখেই তিনি যান। কিন্তু সেখানে পরিচয়পত্র দেখতে চাওয়া হলেও গাড়ি থেকে তা আনিয়ে নেন তিনি। এরপরই হাজিরার খাতায় সই করে ভিতরে প্রবেশ করেন তিনি। ভবানী ভবন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাড়তি পুলিশ , কেন্দ্রীয় বাহিনী ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে।

সই জালিয়াতি মামলায় আজ তলব করা হয়েছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। দুপুর তিনটেয় তাঁকে ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

বিধানসভার সই জালিয়াতিকাণ্ডে ৩ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় সিআইডি। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরই হাইকোর্ট রক্ষাকবচ দিয়ে জানিয়ে দেয়, সই জালিয়াতি কাণ্ডে তাঁকে হাজিরা দিতেই হবে। বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ফিরে ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জবাবে অসন্তুষ্ট সিআইডি-র তদন্তকারীরা। একাধিক প্রশ্নের সঠিক উত্তর দেননি বলেই মনে করছেন তদন্তকারীরা। খালি তাঁর উত্তরে ছিল ‘জানি না‘, ‘আমার পক্ষে বলা সম্ভব নয়’, ‘বলতে পারব না’। জবাবে অসঙ্গতি থাকাতেই ফের তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলা হচ্ছে। অন্যদিকে যে রেজোলিউশন নিয়ে এত শোরগোল সেই রেজোলিউশনের কপি সংক্রান্ত বিষয়ে কোনও তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারীদের দিতে পারেননি।

এদিকে আজ সই জালিয়াতিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও সোমবার তাঁকে তলব করেছে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির তদন্তকারীরা। ‘৪তারিখ ডিজে বাজবে’ মন্তব্যেরে জেরে মঙ্গলবার তাঁকে ফের তলব করেছে সিআইডি। বিধানসভায় সই জালিয়াতি, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি-এই তিন মামলায় চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।