ধ্বংসের পথে ডিব্রুগড় টাউন রেলওয়ে স্টেশন

24

হিরণ্য কৌশিক, ডিব্রুগড়: ক্রমশ ধ্বংসের পথে ডিব্রুগড় টাউন রেলওয়ে স্টেশন। উত্তরপূর্বের প্রথম রেল স্টেশন ডিব্রুগড় টাউন রেলওয়ে স্টেশন। একটা সময় ছিল যখন এই স্টেশনটি জনসমাগমপূর্ণ ছিল। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে স্টেশনটিতে শুধুই নিস্তব্ধতা। বনে জঙ্গলে ভরে পড়েছে স্টেশনের চারপাশ। স্বাধীনতার আগে নির্মাণ করা হয় উত্তরপূর্বের প্রথম রেলওয়ে স্টেশন। গত ৩ বছর ধরে স্টেশনটিতে চলেনি একটিও ট্রেন।

বর্তমানে লোকজনের পায়ের ধুলো পড়ে না স্টেশনটিতে। অপরাধ এবং অনৈতিক কাজের ঘাঁটিতে পরিণত হয়েছে স্টেশন চত্বর। বলা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডিব্রুগড় টাউন স্টেশন চত্বর।
১৮৮২ সালে ব্রিটিশ শাসনের আমলে প্রতিষ্ঠিত হয় স্টেশনটি। এই স্টেশন থেকেই উত্তরপূর্বে শুরু হয় প্রথম রেল পরিষেবা। ইতিহাস প্রসিদ্ধ এই স্টেশন থেকেই প্রথম চলাচল করে রাজধানী, ব্রহ্মপুত্র, কামরূপ সহ বহু দূরপাল্লার ট্রেন। সেখনে গেলে আজও দেখা যায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ব্রিটিশ আমলের রেলের ইঞ্জিন।


রাত হলেই সেখানে মদ, ভাং, গাঁজার আড্ডার ঘাঁটিতে পরিণত হয় স্টেশন চত্বরের পরিবেশ। সেখান থেকে বেশ কয়েকজন মাদক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। শহরের মাঝখানে রেল স্টেশনটিকে ফের আগের মতো চালু করা হোক। সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ডিব্রুগড়বাসী।