পৃথা দাশগুপ্ত, কলকাতা: ডিমের পর এবার অভিষেকের বাড়ি লক্ষ করে পাথর। কাকভোরে ‘শান্তিনিকেতনে’ পাথর ছুঁড়লো যুবক। ঘটনার সিসিটিভি ভিডিও সমাজমাধ্যমে পোষ্ট করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক।
রাজ্যে পালাবদল। আর তারপর ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নিরাপত্তা কমিয়ে দিয়েছে প্রশাসন। তাঁর ‘শান্তিনিকেতন’- বাড়ির সামনে এখন নিরাপত্তাকর্মী দেখা যায় না বললেই চলে। তবে মাঝে মাঝেই দেখা যায় কিছু কৌতূহলী মানুষের ভিড়। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর। তাও কাক ভোরে। এক অজ্ঞাতপরিচয় যুবক বাইকে করে এসে পাথর ছুঁড়ে পালালেন। ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে পুলিশ নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়ির সামনে গিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির প্রধান গেটে ভিউ কাটার লাগানো হয়েছে। এবার অভিষেক বন্দোপাধ্যায়ের পরিবারের যে বাড়িতে থাকেন, সেখানে পাথর ছোড়ার ঘটনা ঘটল।

মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে একটি মিনিট খানেকের সিসিটিভি ফুটেজের ভিডিয়ো ও দুটি ছবি শেয়ার করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। লিখেছেন, মঙ্গলবার সকালে তাঁর পরিবার যে বাড়িতে থাকে, সেই বাড়িতে বাইকে করে এসে এক দুষ্কৃতী বড় পাথর ছুঁড়ে পালিয়েছেন। তাঁর শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে বাইক থামান এক যুবক। মাথায় হেলমেট পরা। যুবকটি বাইক থেকে নেমে কয়েক হাত এগিয়ে আসেন। রাস্তায় পড়ে থাকা একটি পাথর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়িটি লক্ষ্য করে ছোড়েন। পাথরটি কোনও কিছুতে ধাক্কা লেগে আবার বাইরে এসে পড়ে। তখন ওই যুবক কয়েক সেকেন্ড অপেক্ষার পর এগিয়ে গিয়ে পাথরটি হাতে তুলে নেন। তারপর অভিষেকের বাড়ি লক্ষ্য করে ছোড়েন। পাথরটি আবার বাইরে এসে পড়ে। বেশ কয়েক সেকেন্ড পাথরটির দিকে তাকিয়ে থাকেন যুবক। তারপর বাইকে চেপে সেখান থেকে চলে যান।
কয়েক সেকেন্ড পর অভিষেকের বাড়ির নিরাপত্তাকর্মীরা বাইরে বেরিয়ে আসেন। অভিষেক জানিয়েছেন, বাড়ির দোতলার জানালার কাচ ভেঙেছে। তিনি প্রশ্ন তোলেন, “পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী হামলা চালাল এবং নির্দ্বিধায় চলে গেল?”
কে এই ঘটনা ঘটালো? পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি। অন্য দিকে, বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখে অভিষেকের কালীঘাটের বাড়ির মূল ফটকের গ্রিলগুলিতে মেটাল শিট দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। এর ফলে গেটের বাইরে থেকে আর ভিতরটা দেখা যাবে না। এই হামলা নিয়ে এখনো বিজেপির পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।